খেলাধুলা ডেস্ক | মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | 72 বার পঠিত

ফুটবল মাঠে প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি নতুন কিছু নয়, কিন্তু ওল্ড ট্রাফোর্ডে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে দেখা গেল এক বিরল দৃশ্য। প্রতিপক্ষ নয়, মেজাজ হারিয়ে নিজ দলের সতীর্থকেই চড় মেরে বসলেন এভারটনের মিডফিল্ডার ইদ্রিসা গানা গেয়ে। এই অপরাধে ম্যাচের ১৩ মিনিটেই তাকে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়। তবে ১০ জনের দলে পরিণত হয়েও ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে চমক দেখিয়েছে এভারটন।
ম্যাচের ১৩ মিনিটে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। ম্যানইউর ব্রুনো ফার্নান্দেজের একটি আক্রমণ রুখতে গিয়ে রক্ষণভাগে ভুল বোঝাবুঝি হয় এভারটনের ইদ্রিসা গেয়ে ও ডিফেন্ডার মাইকেল কিনের মধ্যে। অল্পের জন্য গোল হজম থেকে বেঁচে গেলেও মেজাজ ঠিক রাখতে পারেননি সেনেগালিজ মিডফিল্ডার ইদ্রিসা। খেলা থামার পর কিনের দিকে তেড়ে গিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে তাকে চড় মেরে বসেন তিনি। রেফারি টনি হারিংটন পাশেই থাকায় সরাসরি লাল কার্ড দেখাতে দেরি করেননি।
ম্যাচের বাকি ৭৭ মিনিট একজন কম নিয়ে খেললেও দমে যায়নি এভারটন। উল্টো ২৯ মিনিটে ওল্ড ট্রাফোর্ডকে স্তব্ধ করে দেয় সফরকারীরা। ডিউসবেরি-হল ডি-বক্সের বাইরে থেকে দারুণ এক টার্নে ভেতরে ঢুকে জোরালো শটে পরাস্ত করেন ইউনাইটেড গোলরক্ষক সেনে ল্যামেন্সকে।
পুরো ম্যাচে একজন খেলোয়াড় বেশি পাওয়ার সুবিধাও কাজে লাগাতে পারেনি স্বাগতিকরা। উল্টো ছন্নছাড়া পারফরম্যান্সে ঘরের মাঠে হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। ম্যাচ শেষে ইউনাইটেড কোচ রুবেন আমোরিম নিজের দলের অসহায়ত্ব স্বীকার করে বলেন, ‘১১ জন হোক বা ১০ জন, ওরাই (এভারটন) ভালো দল ছিল। আমাদের মধ্যে জয়ের তীব্রতার অভাব ছিল। এই জয় ওদেরই প্রাপ্য।’
Posted ১০:৩৪ এএম | মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Reporter
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।