শুক্রবার ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

মুস্তাফিজের ‘ফাইফার’, কিউইদের উড়িয়ে সিরিজ বাংলাদেশের

খেলাধুলা ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   9 বার পঠিত

মুস্তাফিজের ‘ফাইফার’, কিউইদের উড়িয়ে সিরিজ বাংলাদেশের

প্রথম ম্যাচে হারের পর ঘুরে দাঁড়িয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ। চট্টগ্রামে সিরিজ নির্ধারণী ম্যাচে নিউজিল্যান্ডকে ৫৫ রানে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা। ২৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২১০ রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ড। বল হাতে কিউইদের একাই গুঁড়িয়ে দিয়েছেন চোট কাটিয়ে দলে ফেরা মুস্তাফিজুর রহমান। মাত্র ৮ ওভারে ৩০ রান খরচায় ৫ উইকেট তুলে নেন তিনি। এ নিয়ে ওয়ানডে ক্যারিয়ারে ষষ্ঠবার ৫ উইকেট পেলেন এই বাঁহাতি পেসার।

ইনিংসের চতুর্থ ওভারেই হেনরি নিকোলসকে (৪) সাজঘরে পাঠিয়ে ধ্বংসযজ্ঞ শুরু করেন মুস্তাফিজ। এরপর থিতু হওয়া নিক কেলিকে (৫৯) ফিরিয়ে ভাঙেন ৪৭ রানের জুটি। শেষ দিকে নাথান স্মিথ, জেডেন লেনক্স ও উইল ও’রোককে ফিরিয়ে নিজের ‘ফাইফার’ পূর্ণ করার পাশাপাশি বাংলাদেশের সিরিজ জয় নিশ্চিত করেন তিনি।

মুস্তাফিজকে যোগ্য সঙ্গ দিয়েছেন নাহিদ রানা। প্রায় ১৪৮.৬ কিলোমিটার গতির বিধ্বংসী এক ইয়র্কারে জশ ক্লার্কসনের স্টাম্প উপড়ে ফেলেন তিনি। ১০ ওভারে ৩৭ রান দিয়ে নাহিদ নেন ২ উইকেট। এছাড়া শরিফুল ইসলাম ২৫ রান করা মুহাম্মদ আব্বাসকে ফিরিয়ে গুরুত্বপূর্ণ ব্রেক-থ্রু এনে দেন।

ম্যাচের অন্যতম বিশেষ মুহূর্ত ছিল অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেওয়া ক্যাচটি। মুস্তাফিজের বলে নাথান স্মিথ ফ্লিক করতে চাইলে শর্ট মিড-উইকেটে অবিশ্বাস্য ক্ষিপ্রতায় ঝাঁপিয়ে পড়ে বল তালুবন্দি করেন মিরাজ। পরে কিউইদের শেষ উইকেট হিসেবে ডিন ফক্সক্রফটকে (৭৫) ফিরিয়ে জয়োৎসবে মাতেন তিনি।

এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে মাত্র ৩২ রানেই ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে বাংলাদেশ। সাইফ হাসান (০), তানজিদ তামিম (১) ও সৌম্য সরকার (১৮) দ্রুত বিদায় নিলে বিপর্যয়ে পড়ে দল। সেই কঠিন মুহূর্তে হাল ধরেন নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস।

চতুর্থ উইকেট জুটিতে এই দুই ব্যাটার যোগ করেন ১৬০ রান। দীর্ঘ ১৯ ইনিংসের খরা কাটিয়ে ৭১ বলে ফিফটি তুলে নেওয়া লিটন শেষ পর্যন্ত ৯১ বলে ৭৬ রান করে আউট হন। তার ইনিংসটি ৩ চার ও এক ছক্কায় সাজানো ছিল। তবে একপ্রান্ত আগলে রেখে ক্যারিয়ারের চতুর্থ ওয়ানডে সেঞ্চুরি পূর্ণ করেন শান্ত। ১১৯ বলে ১০৫ রানের এক লড়াকু ইনিংস খেলেন তিনি। যাতে ছিল ৯টি চার ও ২টি ছক্কার মার। শেষ দিকে অধিনায়ক মিরাজের ২২ এবং তাওহিদ হৃদয়ের অপরাজিত ৩৩ রানের ওপর ভর করে ৮ উইকেটে ২৬৫ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় বাংলাদেশ।

মিরপুরে প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ড ২৬ রানে জিতলেও দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ জয় পায় ৬ উইকেটে। আজ চট্টগ্রামে সিরিজ নির্ধারণী ম্যাচে ৫৫ রানের জয়ে ২-১ ব্যবধানে ট্রফি নিশ্চিত করল বাংলাদেশ।

ওয়ানডে সিরিজ শেষে এবার দুই দল মুখোমুখি হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। আগামী ২৭ এপ্রিল চট্টগ্রামের এই মাঠেই শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের প্রতিটি ম্যাচ শুরু হবে দুপুর ২টা থেকে। এরপর ২৯ এপ্রিল দ্বিতীয় টি-টোয়েন্টি হবে চট্টগ্রামে এবং ২ মে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচ।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ৩:০৮ পিএম | বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।