ডেস্ক রিপোর্ট | সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | 1 বার পঠিত

বাংলাদেশ ও ভারতের তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা পূরণে দুই দেশের একসঙ্গে কাজ করা উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
সোমবার (২৪ আগস্ট) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। এ সময় দুই দেশের রাজনৈতিক সম্পর্কের পাশাপাশি অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশ ও ভারতের সাধারণ মানুষ মেধাবী। দুই দেশের তরুণ প্রজন্মের অনেক আকাঙ্ক্ষা রয়েছে। তাদের সেই আকাঙ্ক্ষা পূরণে যা করা প্রয়োজন, তা করা সবার দায়িত্ব।
তিনি বলেন, সাধারণ মানুষ চাকরি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, ভালো সড়ক ও বিদ্যুৎ চায়। বাণিজ্যের মাধ্যমে এসব ক্ষেত্রে উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। রাজনৈতিক ইস্যু গণতন্ত্রে থাকবেই, তবে সাধারণ মানুষ উন্নয়ন চায়। উন্নয়ন ছাড়া কিছুই সম্ভব নয়।
ভারতীয় হাইকমিশনার বলেন, ‘ইন্টারডিপেন্ডেন্সি’ বা পারস্পরিক নির্ভরশীলতাই স্থায়ী সমাধান। বাংলাদেশের উন্নয়নে ভারত যেমন প্রয়োজন, তেমনি ভারতের উন্নয়নেও বাংলাদেশের প্রয়োজন রয়েছে। পারস্পরিক এই নির্ভরশীলতা দুই দেশের মধ্যে পরিবারের মতো সম্পর্ক তৈরি করতে পারে।
তিনি আরও বলেন, অর্থনীতি ও রাজনীতি—দুটিই গুরুত্বপূর্ণ। তবে সাধারণ মানুষের চাওয়া খুব বেশি নয়; তারা শান্তি চায়। শান্তি থাকলে সমৃদ্ধি আসে। দুই দেশের দায়িত্ব তরুণ প্রজন্মকে শান্তি ও সমৃদ্ধি দেওয়া। উভয় দেশেই তরুণ জনগোষ্ঠীর সংখ্যা বেশি, তাই যেকোনো সিদ্ধান্ত নেওয়ার সময় তরুণদের বিষয়টি বিবেচনায় রাখতে হবে।
পোশাক খাতে বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে উৎপাদন বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন দীনেশ ত্রিবেদী।
তিনি বলেন, “আসুন আমরা ব্যবসায়িক সম্পর্ক এগিয়ে নিয়ে যাই, রাজনীতি তার নিজের পথে চলবে।” সাধারণ মানুষের প্রাপ্য অধিকার ও সুযোগ নিশ্চিত করা দুই দেশেরই দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।
দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশ ও ভারত দুটি স্বাধীন ও সার্বভৌম দেশ। কেউ বড় বা ছোট নয়; দুই দেশই সমান। এই সমতার ভিত্তিতেই দুই দেশকে ভবিষ্যতে কাজ করে যেতে হবে।
Posted ৮:০৮ এএম | সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।