বিনোদন ডেস্ক | শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 1 বার পঠিত

‘জ্যাজ সিটি’র জন্য আরিফিন শুভর সঙ্গে প্রথম যোগাযোগ করেছিলেন বলিউডের প্রখ্যাত কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া। সেই মুহূর্ত থেকে শুরু হয়ে প্রায় তিন বছরের দীর্ঘ যাত্রার পর ১৯ মার্চ ঢাকায় শুভর বলিউড যাত্রা শুরু হতে যাচ্ছে, এবং তা হচ্ছে প্রধান চরিত্রে। এই উপলক্ষে গতকাল কলকাতার একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয়েছে আনুষ্ঠানিক প্রচারণা।
সেই আয়োজনে মঞ্চে উঠেই আরিফিন শুভ খুটশুটিতে মেতেছিলেন পরিচালক সৌমিক সেনের সঙ্গে। পরিচালক নাকি গত ৩ বছরে আজ প্রথম তাঁর প্রশংসা করেছেন। শুভর এই বক্তব্যে হাসির রোল পড়ে।
আয়োজনে ‘জ্যাজ সিটি’তে যুক্ত হওয়ার গল্প আরিফিন শুভ শুনিয়েছেন এভাবে, ‘এই কাজের জন্য সৌমিকদা নন, আমাকে প্রথম করেন কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া। আমি তখন নেপালে। আমাকে বলেন অডিশন দিতে হবে একটি ওয়েব সিরিজের জন্য। আমি রাজি হয়ে যাই। তারপর সৌমিকদা নানাভাবে, কখনও শুধু অডিও পাঠিয়ে আমার অডিশন নিয়েছেন।’
সেটা কেমন কঠিন ছিল সেটাও জানিয়েছেন ভারতীয় গণমাধ্যমে। শুভর ভাষ্যে সেটা এমন, ‘দু’বছর ধরে চিত্রনাট্য পাঠানো হত। মুম্বাইয়ে ডেকেছিল, গিয়েছিলাম। তার পরেও কিছু বলে না। ওই দু’বছরে একই চরিত্রের জন্য ওঁরা আরও অনেকের অডিশন নিয়েছেন। একটা দৃশ্য অন্যকে দিয়ে করানোর পর সেই দৃশ্যই হয়তো আমাকেও পাঠানো হয়েছে। আমি টেপ করে পাঠিয়েছি। হয়তো ভাল লেগেছে। হয়তো ভাল লাগেনি। এ ভাবে ‘ট্রায়াল অ্যান্ড এরর’-এর মধ্যে দিয়েই সম্ভবত আমায় বাছা হয়েছে।’
পরিচালনার পাশাপাশি ‘জ্যাজ সিটি’-র গল্প ও চিত্রনাট্য করেছেন সৌমিক সেন। ‘গুলাব গ্যাং’ এবং ‘মহালয়া’র পর তিনি সিনেমা বানাননি। বিখ্যাত ‘জুবিলি’ সিরিজের চিত্রনাট্যকার তিনি। প্রশ্ন আসে, এতদিন কী নিয়ে ব্যস্ত ছিলেন? উত্তর, ‘জ্যাজ সিটি’। সৌমিক জানিয়েছেন, এই সিরিজ নির্মাণে তাঁর সময় লেগেছে ৭ বছর।
সৌমিক জানিয়েছেন, ‘আমি যখন সিরিজ়টি লিখি, তখনই ঠিক করে নিই, প্রতি এপিসোডে অন্তত একটা গান এবং একটা মার্ডার থাকবে। আমি অ্যাকশন এবং গানের ভক্ত।’
সনি লিভে রাজনৈতিক থ্রিলার ‘জ্যাজ সিটি’ মুক্তি পাবে আগামী ১৯ মার্চ। হিন্দি ও ইংরেজি ভাষার পাশাপাশি এবারই প্রথম বাংলা ভাষায় মুক্তি পাবে প্ল্যাটফর্মটির কোনো সিরিজ। ‘জ্যাজ সিটি’র কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের আরিফিন শুভ। ধারাবাহিকে তাঁকে দেখা যাবে জিমি রয় চরিত্রে—গল্পের প্রাণকেন্দ্রে। পুরো কাহিনি আবর্তিত হয়েছে তাঁর চারপাশে।
জানা গেছে, নিজের প্রথম বলিউড প্রজেক্ট ‘জ্যাজ সিটি’তে আরিফিন শুভ অভিনয় করেছেন চারটি ভাষায়—বাংলা, হিন্দি, উর্দু এবং ইংরেজি।
এই সিরিজে আরিফিন শুভর বিপরীতে দেখা যাবে সৌরসেনী মিত্রকে। এছাড়াও শান্তনু ঘটক, অনিরুদ্ধ গুপ্ত, সায়নদীপ সেন, শ্রেয়া ভট্টাচার্য, শতফ ফিগার, অ্যালেক্সান্দ্রা টেলর এবং অমিত সাহাসহ বলিউড ও টলিউডের আরও কয়েকজন পরিচিত মুখকে দেখা যাবে এই সিরিজে।
Posted ৪:৪১ পিএম | শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।