ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

দলগুলো ভোট পাওয়ার জন্য নানা অভিযোগ করছে

জাতীয় ডেস্ক   |   মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   158 বার পঠিত

দলগুলো ভোট পাওয়ার জন্য নানা অভিযোগ করছে

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী দাবি করেছেন, ‘প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে। রাজনৈতিক দলগুলো ভোট টানার জন্য নানা অভিযোগ তুলছে। নির্বাচন বাধাগ্রস্ত ও প্রভাবিত করতে পারে– এমন দুষ্কৃতকারী ও সন্ত্রাসীদের যে কোনো ধরনের অপতৎপরতা কঠোর হাতে দমনের নির্দেশ দেওয়া হয়েছে।’
গতকাল বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন-সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বরিশাল বিভাগীয় প্রশাসন এ আয়োজন করে।

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, নির্বাচন শান্তিপূর্ণ এবং উৎসবমুখর করতে সবাই প্রস্তুত আছেন। শান্তিশৃঙ্খলা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিএনসিসি সদস্যরাও থাকবেন। সেনাবাহিনীর এক লাখ, পুলিশের দেড় লাখ, র‍্যাবের ১০ হাজার, নৌবাহিনীর পাঁচ হাজার, বিজিবির ৩৭ হাজার, কোস্টগার্ডের পাঁচ হাজার এবং আনসারের ছয় লাখ সদস্য দায়িত্ব পালন করবেন।
মতবিনিময় সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম, কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক, বাংলাদেশ আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ ও বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান।

কেন্দ্র দখলের চেষ্টা করলে কাউকে ছাড় নয়
আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, ‘নির্বাচনে কেন্দ্র দখলের চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না। কেন্দ্র দখলকারী কার ভাই বা কার বোন– সেটি বিবেচনা করা হবে না।’
গতকাল বিকেলে ময়মনসিংহ সিটি করপোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে স্থানীয় প্রশাসনের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পাদনের লক্ষ্যে এ আয়োজন করা হয়। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনে সহিংসতা মোকাবিলা করা একটি কঠিন চ্যালেঞ্জ। তবে প্রশাসন তা সামলাতে বদ্ধপরিকর।
শেরপুরের ঝিনাইগাতীর সাম্প্রতিক সংঘর্ষ ও হত্যাকাণ্ডের বিষয়ে উপদেষ্টা বলেন, ওই ঘটনায় জড়িতরা পলাতক থাকায় ধরতে কিছুটা সময় লাগছে। তবে পুলিশ তাদের আইনের আওতায় আনতে কাজ করছে। ঝিনাইগাতীর মতো ঘটনার পুনরাবৃত্তি আর কোথাও হতে দেওয়া হবে না।

Facebook Comments Box
বিষয় :

Posted ৭:৪৬ এএম | মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।