খেলাধুলা ডেস্ক | মঙ্গলবার, ১৯ মে ২০২৬ | প্রিন্ট | 3 বার পঠিত

জাতীয় দলের কোচ নিয়োগের ঘোষণা দেওয়ার কথা ছিল ১৫ মে। চার দিন পার হয়ে গেলেও এখন হামজা চৌধুরী-শমিত সোমদের কোচ চূড়ান্ত করতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাংলাদেশের কোচ হওয়ার দৌড়ে এক নম্বরে থাকা ক্রিস কোলম্যানকে পাচ্ছে না বাফুফে। তাঁর এজেন্ট কমিশন চাওয়াতেই কোলম্যানকে নিয়ে আর এগোয়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এখন তালিকায় পরের স্থানে থাকা কোচই ভরসা দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার।
সেই তালিকায় থাকা থমাস ডুলি কিংবা বার্নাড স্টর্কের একজন হতে যাচ্ছেন জামাল ভুঁইয়াদের নতুন কোচ। যদিও গতকাল পর্যন্ত এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি বাফুফে। ‘আমি আশাবাদী নতুন কোচের সঙ্গে আজ বা কালকে একটা অ্যাগ্রিমেন্ট সাইন হয়ে যাবে। যদি অ্যাগ্রিমেন্টটা সাইন হয়, তাৎক্ষণিক আপনাদের আমরা জানিয়ে দিব। কয়েক দিন আগের তিক্ত অভিজ্ঞতার কারণে আমি কোনো কোচকে এই মুহূর্তে নাম ডিক্লিয়ার করে লাইমলাইটে আনতে চাচ্ছি না।’– গতকাল সোমবার সংবাদ মাধ্যমের সঙ্গে বলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।
তিন শতাধিক আবেদন থেকে ১০-১২ জনের শর্টলিস্ট করে বাফুফে টেকনিক্যাল কমিটি। সেই শর্টলিস্টে সবার ওপরে ছিলেন ওয়েলসের সাবেক কোচ ক্রিস কোলম্যান। দুই পক্ষের মধ্যে আলোচনা ছিল ইতিবাচক। তার পরও কেন ১৫ মের মধ্যে কোচের নাম চূড়ান্ত করতে পারেনি বাফুফে, সংবাদ মাধ্যমের কাছে সেই ব্যাখ্যাও দিয়েছেন বাফুফে সভাপতি, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম ১৫ মে যে কোনো কোচকে নিয়োগ দিয়ে দিব। অপ্রত্যাশিতভাবে ওই সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ওই ফিন্যান্সিয়াল বাজেটটা আমাদের ছিল না। আমরা মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সাহেবের সঙ্গে বৈঠক করি, ওনাকে অ্যাপ্রোচ করি। লিখিতভাবে আমরা কিন্তু মিনিস্ট্রি অব স্পোর্টস থেকে একটু সহযোগিতা চেয়েছিলাম। আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী তাৎক্ষণিকভাবে কিন্তু একটা পজিটিভ সিদ্ধান্ত নিয়েছিলেন এবং তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জন্য মাসিক অতিরিক্ত ফান্ড রেডি করে দিয়েছিলেন, যেটা কোচের স্যালারির জন্য যাবে।’
অর্থ প্রস্তুত থাকার পরও কোলম্যানকে না পাওয়ার পেছনে তাঁর এজেন্টের দায় দেখছেন বাফুফে সভাপতি, ‘আমরা যখন ফাইনালি সব করতে গেছি, তখন একটি জায়গায় আমাদের মতের অমিল দেখা দেয়। সেটা ছিল মাঝখানে যে একজন এজেন্ট ছিলেন, সেই এজেন্ট ফি দাবি করে বসল বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে। সেই এজেন্ট আমাদের জানিয়েছে যে তারা তাহলে এই প্রক্রিয়াতে আর অ্যাগ্রিমেন্ট চূড়ান্ত করতে চাচ্ছে না। তো সেই জায়গায় আমাদের ওই যাত্রাটা শেষ হয়ে গিয়েছিল।’
Posted ৭:১৯ পিএম | মঙ্গলবার, ১৯ মে ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Reporter
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।