ডেস্ক রিপোর্ট | বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | 10 বার পঠিত

অনিয়ম ও জালিয়াতির অভিযোগের মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ। বুধবার (৯ সেপ্টেম্বর) রয়টার্সের দেখা তার পদত্যাগপত্রে এ তথ্য উঠে এসেছে।
২০২৪ সালে পাঁচ বছরের জন্য ডব্লিউএইচওর গুরুত্বপূর্ণ এই দায়িত্ব পান সায়মা। তবে বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর তার বিরুদ্ধে প্রতারণার মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এরপর ডব্লিউএইচওও তার বিরুদ্ধে চীন সফরের খরচে আর্থিক অনিয়ম, শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে ভুল তথ্য দেওয়া এবং বাংলাদেশে জমি অবৈধভাবে অধিগ্রহণের অভিযোগে তদন্ত শুরু করে। গত জুলাইয়ে তাকে ছুটিতে পাঠানো হয়।
২০২৬ সালের ৩ জুলাই সায়মার আইনজীবীরা ডব্লিউএইচওকে যে চিঠি দিয়েছিলেন, সেটিও রয়টার্স দেখেছে। এতে চীন সফরের ব্যয়সংক্রান্ত আর্থিক প্রতারণা ও শিক্ষাগত যোগ্যতা নিয়ে ওঠা অভিযোগের কথা উল্লেখ করা হয়। তবে সায়মা এসব অভিযোগ অস্বীকার করেছেন।
পদত্যাগপত্রে সায়মা দাবি করেন, বাংলাদেশে যে জমি অবৈধভাবে অধিগ্রহণের অভিযোগ তার বিরুদ্ধে তোলা হয়েছে, সেটি তিনি ডব্লিউএইচওতে যোগ দেওয়ার আগেই অধিগ্রহণ করেছিলেন। দায়িত্ব পালনে বাধা এবং দীর্ঘদিন বেতন বন্ধ থাকায় সংস্থাটির মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেয়েসুসের ওপর আস্থা হারিয়েছেন বলেও জানান তিনি। আর্থিক সংকটের কারণে শেষ পর্যন্ত স্বেচ্ছায় পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে উল্লেখ করেন সায়মা।
চীন সফরের ব্যয় নিয়ে অভিযোগের বিষয়ে সায়মা বলেন, নিয়মিত ব্যয়ের অর্থ ফেরত পাওয়ার প্রক্রিয়ায় তার এক সহকারী প্রশাসনিক ভুল করেছিলেন। সংশ্লিষ্ট অর্থের পরিমাণ ছিল ৯০১ মার্কিন ডলার।
শিক্ষাগত যোগ্যতা নিয়ে ওঠা অভিযোগের জবাবে সায়মা বলেন, বাংলাদেশে স্বায়ত্তশাসন ও অটিজম নিয়ে কাজের স্বীকৃতি হিসেবে তিনি একটি সম্মানসূচক ডক্টরেট পেয়েছেন। এ বিষয়ে তিনি ডব্লিউএইচওর মহাপরিচালক টেড্রোসকে অবহিত করেছিলেন বলেও দাবি করেন।
এর আগে দুটি সূত্র রয়টার্সকে জানিয়েছিল, সায়মাকে আনুষ্ঠানিকভাবে পদ থেকে সরানোর পরিকল্পনা করছে ডব্লিউএইচও। সূত্রগুলোর একজন জানান, আগামী ১২ অক্টোবর নতুন আঞ্চলিক পরিচালক পদের জন্য মনোনয়ন আহ্বান করা হবে। ডিসেম্বরে প্রার্থীদের যোগ্যতা যাচাই শেষে আগামী ২৪ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে বিষয়টির সংবেদনশীলতার কারণে সূত্র দুটি তাদের পরিচয় প্রকাশ করতে রাজি হয়নি।
ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালকেরা বৈশ্বিক স্বাস্থ্যনীতি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। রোগের প্রাদুর্ভাব ও জরুরি পরিস্থিতিতে সাড়া দেওয়া এবং স্থানীয় বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে সংস্থার নীতি বাস্তবায়ন তাদের অন্যতম দায়িত্ব। দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের সদস্যদেশগুলোর মধ্যে বাংলাদেশ ও ভারত রয়েছে। প্রতি পাঁচ বছর পরপর সদস্যদেশগুলো আঞ্চলিক পরিচালক নির্বাচন করে।
সায়মার পদত্যাগের বিষয়ে তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি ডব্লিউএইচও। গত মাসে সংস্থাটি জানিয়েছিল, তিনি ছুটিতে রয়েছেন। তবে বিষয়টির গোপনীয়তার কথা উল্লেখ করে তার বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে রাজি হয়নি সংস্থাটি।
সূত্র: রয়টার্স
Posted ৩:০৯ এএম | বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।