জেলা প্রতিনিধি | বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | 11 বার পঠিত

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ২ লাখ ২৪ হাজার ১৬৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৫ হাজার ৪৫০ ভোট।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে ১৮৩টি কেন্দ্রের ফলাফলের ভিত্তিতে মির্জা ফয়সল আমীনকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার কামরুল ইসলাম।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, মির্জা ফয়সল আমীন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১ লাখ ২৮ হাজার ৭১৫ ভোট বেশি পেয়েছেন।
আসনটিতে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৪০ জন। জেলা নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বিকেল ৩টা পর্যন্ত ৫২ শতাংশ ভোট পড়েছে।
নির্বাচনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থী ছাড়া অন্য তিনজন হলেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আব্দুল আলীম নিজামী (বটগাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম (হাতপাখা) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব)।
নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় ২১ প্লাটুন বিজিবি, ২ হাজার ২৭২ জন পুলিশ সদস্য ও ২ হাজার ৪০৫ জন আনসার সদস্য দায়িত্ব পালন করেন। এ ছাড়া নির্বাচন অনুসন্ধান কমিটি এবং বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠে দায়িত্ব পালন করেন।
নির্বাচন পর্যবেক্ষণে চার বিদেশি পর্যবেক্ষকসহ ১৭৭ জন দেশি ও স্থানীয় পর্যবেক্ষকের থাকার কথা ছিল।
উল্লেখ্য, গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর নির্বাচন কমিশন (ইসি) আসনটি শূন্য ঘোষণা করে। পরে আসনটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।
Posted ৫:২৩ পিএম | বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।