খেলাধুলা ডেস্ক | বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 25 বার পঠিত

বিসিবি এবার বিপিএলের রাজস্বের ভাগ ফ্র্যাঞ্চাইজিগুলোকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। টিভি সম্প্রচার স্বত্ব, গ্রাউন্ডস রাইটস এবং টিকিট বিক্রির টাকা থেকে বিপিএলের ব্যয় নির্বাহ করে যা উদ্বৃত্ত থাকবে, তা থেকে ৩০ শতাংশ দেওয়া হবে দলগুলোকে।
বিপিএল গভর্নিং কাউন্সিলের এ সিদ্ধান্ত নিয়েছে, যেখান থেকে ফুটো কড়িও পাওয়ার সম্ভাবনা নেই। কারণ বিপিএলে আয়ের থেকে ব্যয় বেশি। এর পরও ২০২৫ সালের বিপিএলের টিকিট বিক্রির থেকে একটা লভ্যাংশ দেওয়া হয়েছে সাতটি দলকে। সুপার ফোরে খেলা চার দলকে দেওয়া হয়েছে ৫৫ লাখ টাকা করে। বাকি তিন দলও অর্ধ কোটি টাকা পেয়েছে। বিসিবি থেকে পাওয়া টাকায় অনেক ফ্র্যাঞ্চাইজির বকেয়া পরিশোধ করা হয়েছে। এবার সে আশার গুড়ে বালি। টিকিট বিক্রি থেকে তেমন আয় নেই। সিলেট পর্বে সাকল্যে দুই কোটি ৮৪ লাখ ৪৮ হাজার টাকার টিকিট বিক্রি হয়েছে। ঢাকা পর্বের খেলা দিয়ে সেটা চার কোটিতে উন্নীত হওয়ার নিশ্চয়তা দিতে পারছে না বিসিবি। সেদিক থেকে বলতেই পারেন টিকিট বিক্রিতে ধস নেমেছে দ্বাদশ বিপিএলে।
টিকিট বিক্রি কমার বিষয়ে জানতে চাওয়া হলে বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান বলেন, ‘এবার ম্যাচ কম হওয়াতে টিকিট থেকে আয় কম। এ ছাড়া একটি ভেন্যুতে ম্যাচ হওয়ায় কিছুটা প্রভাব পড়েছে।’
বিপিএল গভর্নিং কাউন্সিলের লক্ষ্য ছিল সিলেট ও চট্টগ্রাম পর্বে চার কোটি টাকার টিকিট বিক্রি করবে। চট্টগ্রাম ভেন্যু বাতিল করায় সে লক্ষ্য অর্জন ব্যাহত হয়েছে। ঢাকা পর্বে খুব বেশি ম্যাচ নেই। ফাইনালসহ ১০টি ম্যাচ খেলা হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। প্লে-অফের চারটি ম্যাচে সবচেয়ে বেশি টিকিট বিক্রি হতে পারে। টেনেটুনে পাঁচ কোটি টাকার টিকিট বিক্রি হতে পারে বলে ধারণা করছেন টিকিট কমিটির কর্মকর্তারা। এই আয় থেকে গতবারের মতো আলাদা করে লভ্যাংশ দেওয়া হচ্ছে না ফ্র্যাঞ্চাইজিদের।
ফারুক আহমেদ বিসিবি সভাপতি থাকার সময়ে একাদশ বিপিএলে রেকর্ড ১৩ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছিল। এবার একটি দল কম নিয়ে খেলায় ম্যাচ কমেছে ১২টি। আগের বারের সঙ্গে তুলনা করা হলে এবার ৮ থেকে ১০ কোটি টাকার টিকিট বিক্রি হওয়ার কথা। বিপিএলের বর্তমান কমিটি সেখানে ব্যর্থ হয়েছে বলে মনে করেন ক্রিকেট-সংশ্লিষ্টরা। এবার শুধু টিকিট না টিভি সম্প্রচার থেকেও তেমন লাভ হচ্ছে না। মাত্র ১১ কোটি টাকায় টিভি রাইট বিক্রি করেছে। গ্রাউন্ডস রাইট থেকেও তেমন একটা লাভ হয়নি। এককথায় বিপিএলের ইতিহাসে সবচেয়ে কম রেভিনিউ হবে এবার।
Posted ৩:৪১ পিএম | বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।