ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

ছয় মাসেও মেরামত হয়নি কপোতাক্ষের সাঁকো, ঝুঁকি নিয়ে নদী পার হচ্ছেন ২০ গ্রামের মানুষ

জেলা প্রতিনিধি   |   শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   7 বার পঠিত

ছয় মাসেও মেরামত হয়নি কপোতাক্ষের সাঁকো, ঝুঁকি নিয়ে নদী পার হচ্ছেন ২০ গ্রামের মানুষ

সাতক্ষীরা ও যশোরের সীমান্তবর্তী কপোতাক্ষ নদের ওপর নির্মিত প্রায় ১৮০ ফুট দীর্ঘ কাঠ-বাঁশের সাঁকো ভেঙে পড়েছে ছয় মাস আগে। দীর্ঘ অর্ধবছরেও সাঁকোটি সংস্কার কিংবা বিকল্প নিরাপদ পারাপারের ব্যবস্থা না হওয়ায় প্রতিদিন ছোট নৌকায় জীবনের ঝুঁকি নিয়ে নদী পার হচ্ছেন আশপাশের প্রায় ২০টি গ্রামের মানুষ।

সাঁকোটি ভেঙে পড়ায় ব্যাহত হচ্ছে শিক্ষা, চিকিৎসা ও ব্যবসা-বাণিজ্য। চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পেতে প্রধানমন্ত্রী তারেক রহমানের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০১১ সাল থেকে এলাকাবাসী নিজেদের উদ্যোগে কাঠ ও বাঁশ দিয়ে সাঁকোটি নির্মাণ ও রক্ষণাবেক্ষণ করে আসছিলেন। স্থায়ী সেতু না থাকায় প্রতি বর্ষায় কপোতাক্ষ নদের প্রবল স্রোত ও কচুরিপানার চাপে সাঁকোটি ক্ষতিগ্রস্ত হতো। আগে মেরামত করে চলাচল সচল রাখা গেলেও এবার ধসে পড়ার পর ছয় মাসেও এটি পুনর্নির্মাণ করা সম্ভব হয়নি।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিনের তদারকির অভাব, দায়িত্ব নিয়ে টানাপোড়েন ও সংশ্লিষ্ট মহলের অসহযোগিতার কারণে সাঁকোটি পুনর্নির্মাণের উদ্যোগ কার্যকর হচ্ছে না।

সাঁকোটি ভেঙে যাওয়ায় সাতক্ষীরার তালা উপজেলার সারসা, সানতলা, কৃষ্ণনগর, পাঁচপাড়া, সেনেরগাঁতী, সরুলিয়া, ধানদিয়া ও কুঠিঘাটা এবং যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ী, কোমরপুর, চিংড়া, বগা, নেহালপুর, মহাদেবপুর ও রেজাকাটিসহ আশপাশের প্রায় ২০টি গ্রামের মানুষের যাতায়াত দুর্ভোগ চরমে পৌঁছেছে।
ঝুঁকিতে শিক্ষার্থীদের যাতায়াত
সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মভিটা সাগরদাঁড়ীর মধুপল্লীসংলগ্ন এলাকায় কলেজ, সরকারি পলিটেকনিক স্কুল ও কলেজ এবং সাগরদাঁড়ী মাধ্যমিক বিদ্যালয়সহ একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানে প্রতিদিন শত শত শিক্ষার্থীকে ছোট নৌকায় ঝুঁকি নিয়ে নদী পার হতে হচ্ছে।

বর্ষায় নদীর পানি ও স্রোত বাড়লে দুর্ঘটনার আশঙ্কায় উদ্বিগ্ন থাকেন অভিভাবকেরা। অনেক শিক্ষার্থীকে দীর্ঘ পথ ঘুরে গন্তব্যে যেতে হচ্ছে। এতে বাড়ছে সময় ও যাতায়াত খরচ, ব্যাহত হচ্ছে পড়াশোনা।
ক্ষতিগ্রস্ত ব্যবসা-বাণিজ্য
যোগাযোগ বিচ্ছিন্নতার প্রভাব পড়েছে স্থানীয় অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যেও। নদীর ওপারের অনেক গ্রামের মানুষের কেনাকাটা, কৃষিপণ্য বিক্রি ও দৈনন্দিন লেনদেনের প্রধান কেন্দ্র সাগরদাঁড়ী বাজার। সাঁকোটি না থাকায় বাজারে মানুষের যাতায়াত কমেছে। বেড়েছে পণ্য পরিবহনের ভোগান্তি ও খরচ। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ক্ষুদ্র ব্যবসায়ী, কৃষক ও সাধারণ মানুষ।

এলাকাবাসীর অভিযোগ, স্থায়ী সেতু নির্মাণের বিষয়ে অতীতে বহুবার আশ্বাস দেওয়া হয়েছে। এ নিয়ে পরিদর্শন ও জরিপও হয়েছে। কিন্তু বাস্তবে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। ফলে বছরের পর বছর যশোরের কেশবপুর ও সাতক্ষীরার তালা উপজেলার মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এ বিষয়ে কেশবপুর উপজেলা প্রকৌশলী এম এ জাসির জানান, সাগরদাঁড়ী ও সাতক্ষীরার সারসা অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবির বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। কপোতাক্ষ নদের ওপর স্থায়ী সেতু নির্মাণের একটি প্রস্তাবনা ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় অনুমোদন পাওয়া গেলে দ্রুত কাজ শুরু করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সেতুটি নির্মিত হলে এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগের স্থায়ী সমাধান হবে বলেও জানান তিনি।

Facebook Comments Box

Posted ২:১৩ পিএম | শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।