জেলা প্রতিনিধি | বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 22 বার পঠিত

হবিগঞ্জের মাধবপুর উপজেলার রামেশ্বর গ্রামের প্রধান সেতুটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। সেতুর বিভিন্ন স্থানে কংক্রিট ও পলেস্তারা খসে পড়েছে। বেরিয়ে এসেছে ভেতরের রডও। ঝুঁকিপূর্ণ এই সেতু দিয়েই প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন গ্রামের মানুষ।
স্থানীয় সূত্রে জানা গেছে, রামেশ্বর গ্রামের মানুষের যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম সেতুটি। প্রতিদিন শিক্ষার্থী, নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষ এই সেতু ব্যবহার করেন। কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কার না করায় সেতুটির অবস্থা দিন দিন আরও নাজুক হয়ে পড়ছে।
বিশেষ করে সেতুর নিচের অংশের কংক্রিট ক্ষয়ে রড বেরিয়ে আসায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। বিকল্প ব্যবস্থা না থাকায় বাধ্য হয়েই ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে তাঁদের।
স্থানীয় বাসিন্দা কামরুল খান বলেন, সেতুটি দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। বিশেষ করে শিশু ও বয়স্কদের চলাচলে বেশি সতর্ক থাকতে হয়। দ্রুত সংস্কার করা না হলে সেতুটি ভেঙে পড়ে প্রাণহানির মতো দুর্ঘটনা ঘটতে পারে। এ অবস্থায় স্থানীয় সংসদ সদস্য এস.এম ফয়সলের সুদৃষ্টি কামনা করেন তিনি।
এলাকাবাসীর দাবি, জনদুর্ভোগ কমাতে এবং সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে জরুরি ভিত্তিতে সেতুটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে পুরোনো সেতুটি ভেঙে নতুন সেতু নির্মাণেরও দাবি জানিয়েছেন তাঁরা।
এ বিষয়ে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা মো. সামস্ জাবেদ বলেন, ‘আমি নতুন যোগদান করেছি। তাই সবকিছু এখনো জানা নেই। তবে বেশ কয়েকটি সেতু নির্মাণের জন্য আবেদন করা হয়েছে। অনুমোদন পাওয়া গেলে দ্রুত কাজ শুরু করা হবে।’
দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা রামেশ্বর গ্রামের গুরুত্বপূর্ণ এই সেতুটি সংস্কার কিংবা পুনর্নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত উদ্যোগ নেবে—এমন প্রত্যাশা স্থানীয় বাসিন্দাদের।
Posted ১২:০২ পিএম | বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।