ডেস্ক রিপোর্ট | রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | 5 বার পঠিত

লিওনেল মেসির জাদুতে আরও একটি স্মরণীয় জয় পেল ইন্টার মিয়ামি। আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ৩-১ গোলের জয়ে জোড়া গোল করার পাশাপাশি একটি গোলে সহায়তা করেছেন আর্জেন্টাইন মহাতারকা। এই পারফরম্যান্সে মেজর লিগ সকারের (এমএলএস) ইতিহাসে নতুন রেকর্ড গড়েছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার।
চলতি মৌসুমে মেসির গোলসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫-এ। পাশাপাশি তাঁর অ্যাসিস্ট ১৫টি। এমএলএসের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা তিন মৌসুমে অন্তত ১৫টি করে অ্যাসিস্ট করার কীর্তি গড়েছেন তিনি।
ম্যাচের ৪৫ মিনিটে হেরমান বেরতেরামের গোলে এগিয়ে যায় মিয়ামি। ওই গোলে মেসির ছিল সেকেন্ডারি অ্যাসিস্ট। এর মধ্য দিয়েই ইতিহাসের পাতায় নাম লেখান এই আর্জেন্টাইন তারকা।
দ্বিতীয়ার্ধে নিজের গোলের খাতা খোলেন মেসি। ৫৬ মিনিটে বক্সের ভেতরে কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ের শটে বল জালে পাঠান তিনি। চার মিনিট পর দ্রুতগতির পাল্টা আক্রমণ থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন মেসি। তাঁর দুর্দান্ত নৈপুণ্যে নিশ্চিত হয় মিয়ামির জয়।
এই পারফরম্যান্সে এমএলএস গোল্ডেন বুটের দৌড়ে নিজের অবস্থান আরও শক্ত করেছেন মেসি। ল্যান্ডন ডোনোভান এমএলএসের সবচেয়ে মূল্যবান খেলোয়াড়ের (এমভিপি) পুরস্কারেও টানা তৃতীয়বার জয়ের অন্যতম দাবিদার তিনি। এই পুরস্কার জিতলেও নতুন ইতিহাস গড়বেন মেসি।
আটলান্টাকে হারিয়ে টানা তৃতীয় জয় পেয়েছে মিয়ামি। এ তিন ম্যাচে দলটি করেছে ৯ গোল, বিপরীতে হজম করেছে মাত্র একটি। গতবারের চ্যাম্পিয়নরা এরই মধ্যে প্লে-অফও নিশ্চিত করেছে।
ইস্টার্ন কনফারেন্সে ৫৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা মিয়ামি এই জয়ে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে। ফলে প্লে-অফের প্রথম রাউন্ডে ঘরের মাঠে খেলার সুবিধা পাওয়ার সম্ভাবনাও বেড়েছে।
এখন মিয়ামির লক্ষ্য টানা দ্বিতীয়বার এমএলএস কাপ জয়। ২০১১-১২ সালে এলএ গ্যালাক্সির পর প্রথম দল হিসেবে এই কীর্তি গড়তে চায় তারা। সেই লক্ষ্য পূরণে মেসির দুর্দান্ত ফর্ম দলটির বড় ভরসা।
Posted ৬:৫৫ এএম | রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।