নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৫ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | 6 বার পঠিত

গাজীপুরের টঙ্গীর হাজী মাজার বস্তি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক, দেশীয় অস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদক সেবনের সরঞ্জামসহ শুভ (১৮) ও নাঈম (২০) নামে দুই যুবককে গ্রেফতার করা হয়। পরে তাদের গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
বুধবার (৫ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানা ও টঙ্গী পূর্ব থানা পুলিশের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, অভিযানে ২ হাজার ১০০ পুরিয়া হেরোইন, ২৮০ ওমানি রিয়াল, ১৫টি রামদা, দুটি সামুরাই, একটি স্টিলের চাপাতি, একটি প্লাস্টিকের খেলনা পিস্তল, ১০টি স্টিলের পাইপ, একটি টাকা গণনার মেশিন, একটি প্যাকেজিং মেশিন, তিনটি ডিভিআর এবং স্বর্ণের তিনটি চেইন, সাতটি আংটি ও দুটি ব্রেসলেট উদ্ধার করা হয়েছে। এছাড়া মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন। এ সময় সহকারী পুলিশ কমিশনার (গাছা-টঙ্গী জোন) এরশাদুর রহমান, টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান, ডিবি পুলিশ ও এপিবিএনের সদস্যরা উপস্থিত ছিলেন।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার দুইজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। উদ্ধার হওয়া মাদক, অস্ত্র ও অন্যান্য আলামতের উৎস এবং এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
Posted ৫:২৭ পিএম | বুধবার, ০৫ অগাস্ট ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।