ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

‘আমরা সুযোগ তৈরি করছি, কিন্তু বল জালে জড়াচ্ছে না’

খেলাধুলা ডেস্ক   |   শনিবার, ২০ জুন ২০২৬   |   প্রিন্ট   |   4 বার পঠিত

‘আমরা সুযোগ তৈরি করছি, কিন্তু বল জালে জড়াচ্ছে না’

অস্ট্রেলিয়ার পর প্যারাগুয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছে তুরস্ক। এ ঘটনায় যারপরনাই হতাশ দেশটির কোচ ভেনসেঞ্জো মন্টেলা। তার চেয়েও বেশি হতাশ দুই ম্যাচে কোনো গোলের দেখা না পাওয়ায়। অস্ট্রেলিয়া ও প্যারাগুয়ের বিপক্ষে মোট ৩টি গোল হজম করেছে তুরস্ক। কিন্তু দুই ম্যাচের কোনোটিতে প্রতিপক্ষের জাল খুঁজে পায়নি মন্টেলার শিষ্যরা। তবে টানা দুই ম্যাচে গোলশূন্য থাকার পরও খেলোয়াড়দের প্রতি কোনো ক্ষোভ বা অভিযোগ নেই বলে জানান তিনি।

প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ শেষে কোচ মন্টেলা বলেন, ‘আমরা সুযোগ তৈরি করছি। কিন্তু কোনো এক অদ্ভুত কারণে বল জালে জড়াচ্ছে না। উল্টো প্রতিপক্ষ দল তাদের সুযোগ কাজে লাগিয়ে গোল করে যাচ্ছে।’

শনিবার (২০ জুন) সান ফ্রান্সিসকোর বে অ্যারেনায় ম্যাচের প্রথমার্ধেই ১০ জনের দলে পরিণত হয় প্যারাগুয়ে। প্রথমার্ধের যোগ করা সময়ে ফিফার নতুন নিয়মে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন প্যারাগুয়ের তারকা মিডফিল্ডার মিগুয়েল আলমিরন। তবুও প্যারাগুয়েকে হারাতে ব্যর্থ হয়েছে তুরস্ক। পুরো ম্যাচে রেকর্ড ৩২টি আক্রমণ করেও তুরস্কের সঙ্গী ১-০ গোলের পরাজয়।

‘ডি’ গ্রুপে শীর্ষস্থানের জন্য যুক্তরাষ্ট্রের মূল প্রতিদ্বন্দ্বী ভাবা হচ্ছিল তুরস্ককে। কিন্তু টানা দুই হারে গ্রুপপর্ব থেকেই তুর্কিদের বিদায় ঘণ্টা বেজে উঠল। আগামী ২৬ জুন আয়োজক যুক্তরাষ্টের বিপক্ষে তুরস্কের ম্যাচটি এখন কেবলই আনুষ্ঠানিকতা।

এক ম্যাচ বাকি থাকতেই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়ে হতাশ তুর্কি কোচ বলেন, ‘মাত্র দুই ম্যাচ পরই বিশ্বকাপকে বিদায় জানাতে হচ্ছে, এটা সত্যিই স্তব্ধ করে দেওয়ার মতো।’

এর আগে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে বল দখলে আধিপত্য বজায় রাখা তুরস্ক ৩০টির বেশি শট নিয়েও ২-০ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে। মন্টেলা বলেন, ‘আমাদের ফিনিশিং আরও নিখুঁত হতে পারত। তবে খেলোয়াড়দের দোষ দেওয়ার কোনো মানসিকতা আমার নেই। আমি ছেলেদের আগের চেয়েও বেশি ভালোবাসি। তারা মাঠে নিজেদের মন-প্রাণ উজাড় করে খেলেছে। ফুটবল আসলে কোনো যুক্তি মেনে চলে না। এ কারণেই এটি বিশ্বের সবচেয়ে সুন্দর খেলা।’

Facebook Comments Box

Posted ৪:৫৬ এএম | শনিবার, ২০ জুন ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।