খেলাধুলা ডেস্ক | বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ | প্রিন্ট | 3 বার পঠিত

কয়েক ঘণ্টা বাদেই পর্দা উঠছে উত্তর আমেরিকার ২০২৬ ফিফা বিশ্বকাপের। বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার (১১ জুন) দিবাগত রাত ১টায় স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ফুটবল বিশ্বের এই জমজমাট আসর। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল তাদের ‘হেক্সা’ মিশন শুরু করবে আগামী ১৪ জুন, মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে। তবে মেগা টুর্নামেন্ট শুরুর এই অন্তিম মুহূর্তেও সেলেকাও শিবিরে সবচেয়ে বড় প্রশ্ন, কোথায় নেইমার জুনিয়র?
আগামী রোববার নিউ ইয়র্কে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপে ষষ্ঠ শিরোপার অভিযান শুরু করবে ব্রাজিল। সেই লড়াইয়ে নামার আগে নিউ জার্সির মরিসটাউনে এখন নিজেদের ঝালিয়ে নিচ্ছেন দলটির ফুটবলাররা। সেখানে বুধবারের অনুশীলনেও দেখা যায়নি নেইমারকে। সর্বশেষ আন্তর্জাতিক প্রীতি ম্যাচেও খেলেননি নেইমার।
বুধবার অনুশীলনের মধ্যে নতুন কোচ কার্লো আনচেলত্তির ৬৭তম জন্মদিন পালন করেছেন ফুটবলাররা। বার্সেলোনা তারকা রাফিনিয়া বিনয়ের সুরে জানান, তারা কোচকে বেশ সমাদর করেছেন। তবে কোচের এই বিশেষ দিনেও কেন নেইমার অনুপস্থিত ছিলেন, তা নিয়ে সতীর্থ কিংবা টিম ম্যানেজমেন্টের কেউই মুখ খোলেননি।
গত মে মাসের মাঝামাঝিতে সান্তোসের হয়ে খেলার সময় মাংসপেশির ‘গ্রেড টু’ ইনজুরিতে পড়েছিলেন নেইমার। বিশ্বকাপ শুরুর আগে সেরে উঠার আশাতেই তাকে স্কোয়াডে রেখেছিলেন আনচেলত্তি। তবে রয়টার্স জানিয়েছে, এখনো মাঠের অনুশীলনে যোগ না দেওয়ায় আগামী ১৪ জুন নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচটি মিস করতে যাচ্ছেন নেইমার। শুধু প্রথম ম্যাচই নয়, ইনজুরির যে অবস্থা তাতে গ্রুপ পর্বে হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে বাকি ম্যাচগুলোতেও এই তারকা ফরোয়ার্ডকে পাওয়া যাবে কি না, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
Posted ৭:১০ পিএম | বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Reporter
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।