জাতীয় ডেস্ক | বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ | প্রিন্ট | 3 বার পঠিত

বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা আট লাখ ছিল ২০১৭ সালে। এর পর থেকে প্রতিবছরই রোহিঙ্গাদের সংখ্যা বাড়ছে। আর কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে বছরে প্রায় নতুন ৩০ হাজার রোহিঙ্গা শিশু জন্ম নিচ্ছে। মিয়ানমার সেনাবাহিনী ও আরাকান আর্মির নির্যাতনে দেশটিতে থাকা বাকি রোহিঙ্গারাও বাংলাদেশসহ আশপাশের দেশে পালিয়ে যাচ্ছে। জাতিসংঘ বলছে, বর্তমানে বাংলাদেশে মোট রোহিঙ্গা সংখ্যা ১২ লাখ ৫০ হাজার। এদিকে, প্রতিবছর রোহিঙ্গার সংখ্যা বাড়লেও কমে আসছে বাজেট।
চলতি বছর রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা তহবিল যৌথ সাড়াদান পরিকল্পনায় (জেআরপি) ৭১ কোটি ডলার চাওয়া হয়েছে। জেআরপি অনুযায়ী, বর্তমানে ১৮ লাখ ৯০ হাজার মানুষ সেখানে চাহিদাগ্রস্ত। তবে চাহিদাগ্রস্তদের তিন লাখ ৩০ হাজার এ বাজেটের বাইরে থাকছে।
২০২৫ সালে জেআরপি বাজেট ধরা হয়েছিল ৮৫ কোটি ২০ লাখ ডলার। বছরটিতে চাহিদাগ্রস্ত ১৬ লাখ ৫০ হাজার রোহিঙ্গা ও স্থানীয়দের মধ্যে এ বাজেটের আওতায় এসেছিল ১৪ লাখ ৮০ হাজার। ২০২৬ সালে ১৫ লাখ ৬০ হাজার রোহিঙ্গা ও স্থানীয়দের এ তহবিলের সুবিধাভোগী হিসেবে ধরা হয়েছে। অথচ ২০২৫ সালের তুলনায় সাড়ে ২৫ কোটি ডলার বা ২৬ শতাংশ কম বাজেট দেওয়া হয়েছে। এবারের জেআরপিতে রোহিঙ্গা জনগোষ্ঠীর সংখ্যা সাড়ে ১২ লাখ এবং স্থানীয় বাসিন্দার তিন লাখ সাত হাজার।
গতকাল বুধবার সকালে রাজধানীর গুলশানে জাতিসংঘের দপ্তরে অনুষ্ঠিত এক সভায় ২০২৬ সালের জেআরপি তহবিলের ঘোষণা দেওয়া হয়।
এতে বলা হয়, চলতি বছরের ৭১ কোটি ডলারের মধ্যে ৬৭ কোটি ৪৩ লাখ ডলার রোহিঙ্গাদের জন্য এবং অবশিষ্ট তিন কোটি ৬২ লাখ ডলার স্থানীয় জনগোষ্ঠীর জন্য বরাদ্দের কথা রয়েছে।
বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রতিনিধি ইভো ফ্রেইসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব এম ফরহাদুল ইসলাম, জাতিসংঘের শরণার্থীবিষয়ক উপহাইকমিশনার কেলি ক্লিমেন্টস, বিশ্ব খাদ্য কর্মসূচির সহকারী নির্বাহী পরিচালক রানিয়া দাগাশ কামারা, বাংলাদেশে জাতিসংঘের ভারপ্রাপ্ত আবাসিক সমন্বয়কারী কেরোল ফ্লোরে। জেআরপি-২০২৬ উপস্থাপনা করেন কক্সবাজারে শরণার্থী প্ল্যাটফর্মের প্রধান ডেভিড বাগডেন। তিনি জানান, চলতি বছরের জেআরপিতে সর্বোচ্চ ২৫ কোটি ৩০ লাখ ডলার বরাদ্দ ধরা হয়েছে খাদ্য নিরাপত্তায়।
বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রতিনিধি ইভো ফ্রেইসেন জানান, চলতি বছরের মোট চাহিদার মধ্যে গত এপ্রিল পর্যন্ত ৬৩ শতাংশ তহবিল জোগাড় করা হয়েছে।
Posted ১২:৫৪ এএম | বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Reporter
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।