শুক্রবার ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

‘ধাক্কাধাক্কিতে মনে হইছে জানডা বাইর হই গেল’

জাতীয় ডেস্ক   |   বুধবার, ১৩ মে ২০২৬   |   প্রিন্ট   |   10 বার পঠিত

‘ধাক্কাধাক্কিতে মনে হইছে জানডা বাইর হই গেল’

রুনা বেগমের হাতে সাদা চটের ব্যাগ। কড়া রোদে কপাল বেয়ে ঘাম ঝরছে তাঁর। তাতে ভিজছে গায়ের জামা-ওড়না। ওড়না দিয়ে মুখের ঘাম মুছতে মুছতে তিনি বলেন, ‘সকাল সাড়ে ৯টায় আইছি। পাঁচ ঘণ্টা পর পাইলাম। ধাক্কাধাক্কিতে মনে হইছে জানডা বাইর হই গেল।’ মঙ্গলবার সকালে মিরপুর-২ নম্বরে মিরপুর সরকারি কলেজের পাশে টিসিবির পণ্য কেনার পর এসব কথা বলেন ৪৮ বছরের রুনা। সেখানে সাশ্রয়ী মূল্যে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল বিক্রি করা হচ্ছিল।

সরেজমিন দেখা গেছে, দীর্ঘ সময়ে ট্রাকের পেছনে লম্বা সারিতে দাঁড়িয়ে ছিলেন রুনা বেগম। সারিতে পুরুষের চেয়ে নারীর ভিড় বেশি থাকায় কার আগে কে পণ্য নেবে তা নিয়ে তাদের মধ্যে একরকম যুদ্ধ শুরু হয়। শেষ পর্যন্ত বেলা আড়াইটার দিকে তিনি পণ্য কিনতে সক্ষম হন।

পণ্য কেনার পর ছবি তুলতে চাইলে রুনা বেগম হাতজোড় করে ছবি না তোলার অনুরোধ করেন। পরে পরিচয় দিয়ে কত টাকা বাঁচল জানতে চাইলে তাঁর সোজা জবাব, ‘কিছু না কিছু তো বাঁচল। এটাও-বা কে দেয়!’ আক্ষেপ করে তিনি বলেন, ‘বড় বিপদে পড়ে আইছি। পাঁচ মাসের একটি নাতনি আছে। বাচ্চাটার জন্য খুব মায়া লাগে। তার মুখের দিকে চাইলে ঘরে বইসা থাকতে পারি না। মেয়ে হওয়ার পর ছেলেটা সংসারের কোনো খোঁজ নেয়নি। এখন বউ-নাতনি আমার ঘাড়ে।’

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে গত সোমবার থেকে রাজধানীসহ সারাদেশে ট্রাকে করে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু করেছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সাধারণ ক্রেতারা টিসিবির ভ্রাম্যমাণ ট্রাক থেকে দুই কেজি ভোজ্যতেল, এক কেজি চিনি ও দুই কেজি মসুর ডাল কিনতে পারছেন। সব পণ্য একসঙ্গে কেনার জন্য ক্রেতার খরচ হবে ৪৮০ টাকা। বর্তমানে খুচরা বাজারে প্রতি লিটার বোতলজাত ভোজ্যতেল ১৯৯ টাকা, প্রতি কেজি চিনি ১০৫ থেকে ১১০ টাকা এবং প্রতি কেজি মসুর ডাল ১০০ থেকে ১০৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

খুচরা বাজার থেকে এসব পণ্য কিনতে লাগে ৭০৩ থেকে ৭১৮ টাকা। সেই হিসাবে একজন ক্রেতার সাশ্রয় হচ্ছে ২২৩ থেকে ২৩৮ টাকা। এই টাকা সাশ্রয়ের জন্য টিসিবির ট্রাকের পেছনে ক্রেতাদের করতে হয় দীর্ঘ সংগ্রাম। অপেক্ষা করতে হয় ঘণ্টার পর ঘণ্টা। তারপরও বাজারদরের চাপ সামলাতে টিসিবির ট্রাক এখন অনেক পরিবারের শেষ ভরসা। টিসিবির এই বিক্রি চলবে আগামী ২১ মে পর্যন্ত। তবে শুক্রবার বিক্রি কার্যক্রম বন্ধ থাকবে।

Facebook Comments Box

Posted ৬:২৫ পিএম | বুধবার, ১৩ মে ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(311 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।