বিশ্ব ডেস্ক | শনিবার, ০৯ মে ২০২৬ | প্রিন্ট | 2 বার পঠিত

ভারতের তামিলনাড়ু রাজ্যে মুখ্যমন্ত্রী হিসেবে আগামীকাল রোববার সকাল ১০টায় শপথ নেবেন অভিনেতা থালাপতি বিজয়। চেন্নাইয়ের নেহরু স্টেডিয়ামে এই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
রাজ্যপাল রাজেন্দ্র আরলেকারের অফিস লোকভবন আজ শনিবার এক বিবৃতিতে এ খবর জানিয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে এনডিটিভি।
এর আগে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করার পর আজ রাজ্যপালের সঙ্গে বৈঠক করেন থালাপতি বিজয়। টানা পাঁচ দিন, রাজ্যপালের সঙ্গে চারটি বৈঠক এবং সম্ভাব্য মিত্রদের সঙ্গে অবিরাম আলোচনার পর তার সরকার গঠনের পথ পরিষ্কার হয়। তামিলনাড়ুতে বিজয়ের রোমাঞ্চকর কাহিনী অবশেষে তার চূড়ান্ত পরিণতির দিকে এগোচ্ছে।
গত সোমবার তামিলনাডু বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা করা হয়। এতে সবচেয়ে বেশি আসন পায় তামিল চলচ্চিত্রের নায়ক থেকে রাজনীতিতে এসে চমক দেখানো থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেটরি কাজাগাম (টিভিকে)। দলটি ১০৮টি আসনে জয় পায়। এর মধ্যে থালাপতি একাই জিতেছেন দুটি আসনে; কিন্তু ২৩৪ আসনের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল ১১৮টি আসন।
শুক্রবার পর্যন্ত টিভিকের সমর্থন ১১৬ আসনে আটকে ছিল। আজ বিদুথালাই চিরুথাইগাল কাচ্চির (ভিসিকে) ও ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ (আইইউএমএল) আনুষ্ঠানিকভাবে সমর্থন দিলে পরিস্থিতি বদলে যায়। দুই দলের দুটি করে মোট চারটি আসন যোগ হয়ে জোটের শক্তি দাঁড়ায় ১২০ আসনে।
এনডিটিভি জানায়, ভিসিকের সমর্থনপত্রে বলা হয়েছে, তামিলনাড়ুতে স্থিতিশীল ও গণতান্ত্রিক সরকার নিশ্চিত করতেই বিজয়কে সমর্থন দেওয়া হয়েছে। দলটির বিধানসভা দলনেতা ভান্নি আরাসু স্বাক্ষরিত চিঠি রাজ্যপালের কাছে জমা দেওয়া হয়।
সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন নিশ্চিত হওয়ার পর আজ দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে চেন্নাইয়ের লোকভবনে যান থালাপতি বিজয়। সেখানে ভারতের কমিউনিস্ট পার্টি (সিপিআই) ও ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) সিপিআইর (এম) সমর্থনপত্র জমা দেন তিনি।
সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হওয়ার খবর ছড়িয়ে পড়তে টিভিকে সদর দপ্তরে উৎসবের আমেজ শুরু হয়ে যায়। সমর্থকদের উদ্দেশে থালাপতি বলেন, ‘উল্লাস শুরু করো।’
নিয়ম অনুযায়ী, সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়া দলের প্রধান প্রয়োজনীয় সমর্থনপত্র জমা দিয়ে সরকার গঠনের দাবি জানানোর পর রাজ্যপাল তাকে সরকার গঠনের আমন্ত্রণ জানান। অভিনেতা থেকে রাজনীতিতে আসা থালাপতির শপথ অনুষ্ঠান পরিচালনার জন্য রাজ্যপাল তাঁর নির্ধারিত কেরালা সফর বাতিল করেন বলে জানা গেছে।
থালাপতি বিজয় যেহেতু দুটি আসনে জিতেছেন। তাই, নিয়ম অনুযায়ী ফলাফলের গেজেট প্রকাশের পর ১৪ দিনের মধ্যে তাকে একটি আসন ছাড়তে হবে।
তামিলনাড়ুর রাজনৈতিক ইতিহাসে এবারই প্রথমবারের মতো কয়েকটি দলের জোট মিলে সরকার গঠন করতে যাচ্ছে।
Posted ১০:২৯ এএম | শনিবার, ০৯ মে ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Reporter
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।