মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

টি২০ বিশ্বকাপে ভারতের গ্রুপে পাকিস্তান, খেলা শ্রীলঙ্কায়

খেলাধুলা ডেস্ক   |   মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   63 বার পঠিত

টি২০ বিশ্বকাপে ভারতের গ্রুপে পাকিস্তান, খেলা শ্রীলঙ্কায়

ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় দ্বৈরথ আবারও মঞ্চস্থ হতে যাচ্ছে। রাজনৈতিক বৈরিতা ও মাঠের বাইরের তিক্ততা একপাশে রেখে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই হাইভোল্টেজ ম্যাচটি।

মঙ্গলবার মুম্বাইয়ে আইসিসির আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ সূচি প্রকাশের আগেই ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো এই তথ্য জানিয়েছে। ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে ২০২৬ সালের ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট।

এবারের আসরে ভারত ও পাকিস্তান একই গ্রুপে পড়েছে। তাদের গ্রুপসঙ্গী হিসেবে রয়েছে যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস ও নামিবিয়া। নিরাপত্তার কারণে পাকিস্তান তাদের সব ম্যাচই খেলবে শ্রীলঙ্কার মাটিতে।

৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত। এরপর ১২ ফেব্রুয়ারি দিল্লিতে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে নামিবিয়ার। সেখান থেকে তারা যাবে কলম্বোয়। সেখানেই ১৫ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে ম্যাচ। গ্রুপের শেষ ম্যাচটি নেদারল্যান্ডসের বিরুদ্ধে ১৮ ফেব্রুয়ারি আহমেদাবাদে অনুষ্ঠিত হবে। আয়োজক দুই দেশে গ্রুপপর্বে প্রতিদিন তিনটি করে ম্যাচ হবে।

২০২৪ সালের যুক্তরাষ্ট্র–ওয়েস্ট ইন্ডিজ আসরের মতো এবারও ২০ দলকে পাঁচ গ্রুপে ভাগ করা হবে; প্রতিটি গ্রুপ থেকে দুই দল যাবে সুপার এইটে। সুপার এইটের দুই গ্রুপ থেকে শীর্ষ দুই দল উঠবে সেমিফাইনালে, এরপর ফাইনাল।

ভারত সুপার এইটে উঠলে তাদের ম্যাচ হবে আহমেদাবাদ, চেন্নাই ও কলকাতায়। সেমিফাইনালে গেলে তাদের ম্যাচ নির্ধারিত মুম্বাইয়ে। অন্য সেমিফাইনালের ভেন্যু হিসেবে কলম্বো ও কলকাতা দু’টি শহরকে বেছে নিয়েছে আইসিসি। শ্রীলঙ্কা বা পাকিস্তান অগ্রসর হলে সেটি বিবেচনায় নেওয়া হবে। ফাইনালের ভেন্যু নির্ধারিত আহমেদাবাদ, তবে পাকিস্তান ফাইনালে উঠলে সেটি কলম্বোতে সরানো হতে পারে।

আয়োজক ভারত ও শ্রীলঙ্কার পাশাপাশি টুর্নামেন্টে অংশ নিচ্ছে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা, ইতালি, নেদারল্যান্ডস, নামিবিয়া, জিম্বাবুয়ে, নেপাল, ওমান ও সংযুক্ত আরব আমিরাত। শিরোপাধারী হিসেবে অংশ নিচ্ছে ভারত। তারা ২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ১০:৩৬ এএম | মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।