ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

রুশ গোয়েন্দাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   367 বার পঠিত

রুশ গোয়েন্দাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ

মানব পাচারকারীদের সঙ্গে হাত মিলিয়ে ইউরোপে অবৈধ অভিবাসীর ঢল নামাতে কাজ করছে রুশ গোয়ন্দারা—এমনটাই দাবি করেছেন বুলগেরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ড্যানিয়েল মিতভ।

‘দ্য টাইমস’ পত্রিকাকে মিতভ জানান, তার সরকারের কাছে প্রমাণ আছে যে, রাশিয়ার বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো সেই সব অপরাধচক্রের সঙ্গে ‘সরাসরি সম্পৃক্ত’, যারা ইউরোপে অবৈধ অভিবাসীদের প্রবেশ করাচ্ছে।

তিনি বলেন, অবৈধ অভিবাসীর এই ঢল বৈরি দেশগুলোর ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্যকে অস্থিতিশীল করার একটি হাতিয়ার।

আগামী সপ্তাহে লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আয়োজিত এক সম্মেলনে ইউরোপীয় দেশগুলোর মন্ত্রীদের পশ্চিম বলকান অঞ্চলের মধ্য দিয়ে অবৈধ অভিবাসন দমনে যৌথ কৌশল নিয়ে আলোচনা করার কথা রয়েছে।

তার আগে রাশিয়ার বিরুদ্ধে অবৈধ অভিবাসী পাচারকাজে জড়িত থাকার এই অভিযোগ উঠল। রাশিয়ার গোয়েন্দারা যুক্তরাজ্য ও অন্যান্য ইউরোপীয় দেশগুলো থেকে বিতাড়ন ঠেকাতেও অভিবাসীদের উপদেশ দিচ্ছে বলে জানিয়েছেন বুলগেরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি আরও দাবি করেন, বামপন্থি কিছু মানবিক সংগঠনও পাচারচক্রের সঙ্গে সরাসরি যোগাযোগ রক্ষা করছে।

বুলগেরিয়া জানুয়ারিতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শেনজেন অঞ্চলে প্রবেশ করেছে। এর মানে দেশটিতে তুরস্ক হয়ে অবৈধভাবে প্রবেশ করা অভিবাসীরা ইউরোপের বাদবাকী দেশে সহজেই পৌঁছে যেতে পারে।

বুলগেরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, কিছু এনজিও হয়ত অসতর্কভাবেই রাশিয়া এবং মানবপাচারকারীদেরকে তাদের কাজে সহযোগিতা করছে।

টাইমসকে তিনি বলেন, ‘নব্য-মার্কসবাদী এই গোষ্ঠীগুলো আদর্শিক অজুহাত দেখিয়ে তাদের কাজের যৌক্তিকতা প্রমাণের চেষ্টা করছে। মূলত দরিদ্রদেরকে ইউরোপে নিয়ে বসতি স্থাপনের স্বাধীনতা দেওয়া এবং মানুষকে সীমান্তহীন পৃথিবীর স্বপ্ন দেখিয়ে তারা আদতে অপরাধচক্রের হাতকেই শক্তিশালী করছে।’

Facebook Comments Box

Posted ৩:২২ পিএম | মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।