নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 667 বার পঠিত

দেশের অনেক টেলিযোগাযোগ কোম্পানিতে বিদেশি মালিকানা রয়েছে শতভাগ। নতুন নীতিমালা অনুযায়ী, এখন থেকে বিদেশি বিনিয়োগ হবে সর্বোচ্চ ৮৫ শতাংশ। ফলে যেসব কোম্পানির শতভাগ বিদেশি মালিকানা রয়েছে, তাদের বাড়তি শেয়ার দেশীয় প্রতিষ্ঠান বা শেয়ারবাজারে হস্তান্তর করতে হবে। বিশেষ করে মোবাইল অপারেটর বাংলালিংককে ১৫ এবং রবিকে ছেড়ে দিতে হবে ৫ শতাংশ বাড়তি শেয়ার।
নতুন নীতিমালার মাধ্যমে ফাইবার অপটিক্স, টাওয়ারসহ টেলিযোগাযোগের অবকাঠামো খাতে বিদেশি বিনিয়োগের পথও উন্মুক্ত হয়েছে। বর্তমানে এ খাতে প্রাধান্য রয়েছে দেশীয় উদ্যোক্তাদের। বিদ্যমান নিয়মে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সেবার জন্য ২৬ ধরনের লাইসেন্স দিয়ে আসছিল। এখন থেকে চার ধরনের লাইসেন্স দিয়েই টেলিযোগাযোগ খাতের সব সেবা মিলবে। গত বছর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর টেলিযোগযোগ নীতিমালা পরিবর্তনের উদ্যোগ নেয়। ‘টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক অ্যান্ড লাইসেন্সিং’ নামে এ নীতিমালা গত ৪ সেপ্টেম্বর উপদেষ্টা পরিষদ অনুমোদন দেয়। গত সোমবার এ-সংক্রান্ত গেজেট জারি হয়েছে।
সরকার বলছে, প্রযুক্তি ও বাজারের দ্রুত পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে না পারায় পুরোনো নীতিমালা হয়ে উঠেছিল অকার্যকর। অব্যবহৃত ফাইবার নেটওয়ার্ক, সাবমেরিন কেবল ব্যবহারে সীমাবদ্ধতা, দুর্বল অবকাঠামো, একাধিক স্তরে লাইসেন্স জটিলতা এবং সেবার নিম্নমান– সব মিলিয়ে টেলিযোগাযোগ খাতের অগ্রযাত্রা থমকে যাচ্ছিল। এ পটভূমিতে নতুন নীতিমালা অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে গ্রাহকরা নির্ভরযোগ্য, সাশ্রয়ী এবং উন্নতমানের ভয়েস ও ডেটা সেবা পাবেন। অন্যদিকে উদ্যোক্তা ও বিনিয়োগকারীরা সহজ শর্তে বাজারে প্রবেশ করতে পারবেন। সরকার রাজস্ব সুরক্ষা নিশ্চিত করবে, আবার স্থানীয় উদ্যোক্তা ও ক্ষুদ্র-মাঝারি কোম্পানির জন্যও উদ্ভাবনের সুযোগ তৈরি হবে।
যদিও দেশীয় উদ্যোক্তারা শুরু থেকে এর বিরোধিতা করে আসছিল। তারা বলছে, নতুন নীতিমালার কারণে দেশীয় কোম্পানি বন্ধ হয়ে যাবে। বিদেশি কোম্পানিকে সুযোগ দিতেই নীতিমালা বদল করা হয়েছে বলে তাদের অভিযোগ।
খাতসংশ্লিষ্টরা বলছেন, নীতি যতই সুন্দর হোক না কেন, কার্যকর বাস্তবায়নই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অতীতে অনেক নীতি কাগজে-কলমে সীমাবদ্ধ ছিল। অবকাঠামো ভাগাভাগি, গ্রামীণ সম্প্রসারণ এবং পরিবেশবান্ধব উদ্যোগ বাস্তবায়ন করতে সরকারের পাশাপাশি বেসরকারি অপারেটরদেরও আন্তরিক হতে হবে।
Posted ৭:৫৪ এএম | বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Best BD IT
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।