নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৬ অগাস্ট ২০২৫ | প্রিন্ট | 266 বার পঠিত
লেবাননের প্রভাবশালী রাজনৈতিক-সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, পুরো দেশে অস্ত্র ব্যবস্থার দায়িত্ব কেবল রাষ্ট্রের হাতে দেওয়ার সরকারি সিদ্ধান্ত ‘গুরুতর পাপ’। তারা অভিযোগ করেছে, এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের চাপের ফল এবং ইসরাইলের স্বার্থ রক্ষা করবে।
বুধবার (৬ আগস্ট) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল আরাবিয়াহ।
মঙ্গলবার লেবাননের মন্ত্রিসভা সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছে, বছর শেষ হওয়ার আগেই দেশজুড়ে অস্ত্র ব্যবস্থাপনা শুধু ছয়টি সরকারি নিরাপত্তা সংস্থার মধ্যে সীমাবদ্ধ রাখার পরিকল্পনা প্রস্তুত করতে। ইরান-সমর্থিত হিজবুল্লাহর অস্ত্র সীমাবদ্ধ করার এই উদ্যোগে দেশটিতে ব্যাপক রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।
যুক্তরাষ্ট্র ও লেবাননের হিজবুল্লাহবিরোধী রাজনৈতিক দলগুলো সরকারের ওপর চাপ বাড়িয়েছে যাতে তারা আনুষ্ঠানিকভাবে হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণের প্রতিশ্রুতি দেয়। কারণ, তারা আশঙ্কা করছে, যদি এটি না করা হয়, তাহলে ইসরাইল লেবাননে আরও বড় আকারে হামলা চালাতে পারে।
হিজবুল্লাহ এক লিখিত বিবৃতিতে জানায়, ‘প্রধানমন্ত্রী নওয়াফ সালামের সরকার লেবাননকে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধী অস্ত্র থেকে বঞ্চিত করার মাধ্যমে গুরুতর পাপ করেছে। এই সিদ্ধান্ত পুরোপুরি ইসরাইলের স্বার্থ রক্ষা করে।’
বিবৃতিতে আরও বলা হয়, শিয়া মন্ত্রীরা মন্ত্রিসভার বৈঠক থেকে সিদ্ধান্ত গ্রহণের আগেই ওয়াকআউট করেন, যা ‘প্রতিরোধ আন্দোলনের পক্ষ থেকে এই সিদ্ধান্তের প্রত্যাখ্যানের’ প্রতীক।
হিজবুল্লাহ বলেছে, তারা একটি জাতীয় নিরাপত্তা কৌশল নিয়ে আলোচনা করতে প্রস্তুত রয়েছে এবং তাদের সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে।
লেবাননের প্রেসিডেন্সিয়াল প্যালেসে অনুষ্ঠিত এই বৈঠকই ছিল প্রথমবারের মতো যখন মন্ত্রিসভা হিজবুল্লাহর অস্ত্র নিয়ে আনুষ্ঠানিকভাবে আলোচনা করল—যা আগের বছর ইসরাইলের সঙ্গে বিধ্বংসী যুদ্ধের আগে দলটির সর্বোচ্চ ক্ষমতার সময়ে কল্পনাও করা যেত না।
মন্ত্রিসভা বৃহস্পতিবার আবারও বৈঠকে বসবে, যেখানে হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণের জন্য যুক্তরাষ্ট্রের প্রস্তাব নিয়ে আলোচনা চলবে। এই প্রস্তাবে নির্দিষ্ট সময়সীমার মধ্যে হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণের আহ্বান জানানো হয়েছে।
অন্যদিকে লেবাননের পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ রজ্জি এক্স-এ (সাবেক টুইটার) এক পোস্টে লিখেছেন, সরকার বছরের শেষ নাগাদ দেশের সব অস্ত্র রাষ্ট্রের নিয়ন্ত্রণে আনতে দৃঢ়প্রতিজ্ঞ।
তিনি বলেন, ‘লেবাননের জনগণ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশে আমাদের বার্তা স্পষ্ট: এই সিদ্ধান্ত চূড়ান্ত, এতে কোনো প্রত্যাবর্তনের সুযোগ নেই।’
Posted ৪:৩৭ পিএম | বুধবার, ০৬ অগাস্ট ২০২৫
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Best BD IT
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।