ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

গাজায় ৮ দিনে ১০২ ক্ষুধার্তকে হত্যা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৩ জুন ২০২৫   |   প্রিন্ট   |   303 বার পঠিত

গাজায় ৮ দিনে ১০২ ক্ষুধার্তকে হত্যা

যুদ্ধবিধ্বস্ত গাজায় বেড়েই চলছে মৃত্যুর মিছিল। এবার সহিংসতা ঘটছে কিছুটা ভিন্ন উপায়ে। সাহায়তার নামে জড়ো করে ফিলিস্তিনিদের ওপর চালানো হচ্ছে এলোপাতাড়ি গুলি। খাদ্যের আশায় লাইনে দাঁড়ানো কিংবা এক মুঠো আটা বা তেল সংগ্রহের চেষ্টা—এ সাধারণ মানবিক প্রয়াসেই এখন লাশ হতে হচ্ছে ফিলিস্তিনিদের।

মঙ্গলবার পর্যন্ত ৮ দিনে মার্কিন সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) ত্রাণ বিতরণকেন্দ্রগুলোয় ইসরাইলি বাহিনীর গুলিতে নিহত হয়েছেন কমপক্ষে ১০২ জন ক্ষুধার্ত ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও শতাধিক।

গাজার মিডিয়া অফিস এ ঘটনাকে একটি ‘ইচ্ছাকৃত গণহত্যা’ হিসাবে বর্ণনা করেছে। এছাড়া এটিকে একটি পরিকল্পিত মৃদ্যুফাঁদ বলে বর্ণনা করেছে জাতিসংঘ। আলজাজিরা, মিডল ইস্ট।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার গাজার দক্ষিণাঞ্চলের রাফাহর এক ত্রাণ বিতরণকেন্দ্রে ইসরাইলি বাহিনীর গুলিতে ২৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরও ৯০ জনের বেশি। ২৭ মে জিএইচএফের ত্রাণ বিতরণ শুরু হওয়ার পর থেকে নিহতের সংখ্যা দাঁড়াল ১০২ জনে। আহত হয়েছেন আরও ৪৯০ ফিলিস্তিনি। এদিকে রাফাহর ত্রাণকেন্দ্রে রোববারের হামলার ঘটনায় স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তবে বরাবরই এসব হামলার অভিযোগ অস্বীকার করে আসছে ইসরাইল।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত গাজায় ৫৪ হাজার ৫১০ ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ২৪ হাজার ৯০১ জন আহত হয়েছেন। ইসরাইলি দমনপীড়ন শুধু প্রাণহানির মধ্যেই সীমাবদ্ধ নয়, কড়াকড়ি আরোপ করে অবরুদ্ধ করা হয়েছে খাদ্য, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর প্রবেশপথও। ইসরাইলের কঠোর অবরোধের কারণে আসন্ন ঈদুল আজহায় গাজায় কুরবানির কোনো পশুই ঢোকানো সম্ভব হয়নি। ফলে এবারের ঈদে কুরবানি তো দূরের কথা, সাধারণ মানুষের ভাগ্যে এক টুকরা মাংসও জুটবে না।

এদিকে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সম্ভাবনা নিয়ে ইউরোপ এবং ওয়াশিংটনের মধ্যে কূটনৈতিক উত্তেজনা বাড়ছে। মিডল ইস্ট আই জানিয়েছে, ১৭ জুন জাতিসংঘে দ্বিরাষ্ট্র সমাধানের ওপর একটি বড় সম্মেলন আয়োজন করতে চলেছে ফ্রান্স ও সৌদি আরব। ওই সম্মেলনেই ফ্রান্স একতরফাভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

Facebook Comments Box

Posted ৫:২৭ পিএম | মঙ্গলবার, ০৩ জুন ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।