নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | 3 বার পঠিত

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণে শহীদ দুই সেনা সদস্যের পরিবারের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তিনি তাদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দিয়েছেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রী পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রধানমন্ত্রী বলেন, দেশের দায়িত্ব পালন করতে গিয়ে দুই সেনা সদস্য প্রাণ দিয়েছেন। তাদের এই আত্মত্যাগ জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের আশ্বস্ত করে তিনি বলেন, এই কঠিন সময়ে সরকার তাদের পাশে রয়েছে। ভবিষ্যতেও সরকার ও সেনাবাহিনী তাদের পরিবারের পাশে থাকবে এবং প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।
শহীদ সেনা সদস্যদের পরিবারের দেখভালের দায়িত্বও সরকার যথাযথভাবে পালন করবে বলে জানান প্রধানমন্ত্রী।
এদিকে সেনাবাহিনীর পক্ষ থেকে শহীদ দুই সেনা সদস্যের স্থায়ী ঠিকানায় তাদের পরিবারের জন্য একটি করে বাড়ি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি তাদের স্ত্রীদের চাকরির ব্যবস্থা এবং সন্তানদের মাসিক ভাতা দেওয়ার কথাও জানানো হয়েছে।
সাক্ষাৎ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
যেভাবে শহীদ হন দুই সেনা সদস্য
গত ৯ সেপ্টেম্বর চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণে শহীদ হন সৈনিক (অপারেটর) আবু বকর সিদ্দিক ও সৈনিক (গানার) মো. তাসনিম রিফায়াত।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে আবু বকর সিদ্দিকের পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন তার স্ত্রী সুরাইয়া আক্তার জুতি, শিশুকন্যা ফাতেমা সিদ্দিকা, বাবা আব্দুল ওহাব ও মা পারভীন আক্তার।
অন্যদিকে মো. তাসনিম রিফায়াতের পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন তার স্ত্রী মোসা. ফাহমিদা আফরিন, শিশুকন্যা রাফসা তাসনিম ইফরা এবং বাবা মো. আসাদুল হক।
Posted ৬:৩৭ এএম | মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।