জাতীয় ডেস্ক | শনিবার, ২১ মার্চ ২০২৬ | প্রিন্ট | 41 বার পঠিত

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রোহিঙ্গা প্রত্যাবাসন বর্তমান সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ ও চলমান ইস্যু। এই বিষয়ে আমরা সবসময় আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা করি। বর্তমান সরকার এই সমস্যার টেকসই ও শান্তিপূর্ণ সমাধানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
শনিবার সকালে কক্সবাজারের পেকুয়া উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, এই পবিত্র দিনে আমরা দেশের শান্তি, স্থিতিশীলতা, সমৃদ্ধি ও উন্নয়নের জন্য মহান সৃষ্টিকর্তার দরবারে প্রার্থনা করি। আসুন, আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে আমাদের প্রিয় দেশকে আরও এগিয়ে নিয়ে যাই। এটাই হোক আমাদের আজকের দিনের প্রকৃত আনন্দ।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফ্রড বা প্রতারণা বর্তমানে শুধু একটি দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি বৈশ্বিক পর্যায়ে গুরুতর সমস্যায় পরিণত হয়েছে। ডিজিটাল প্রযুক্তির প্রসারের ফলে এই ধরনের অপরাধ আন্তর্জাতিক নেটওয়ার্কের মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ছে এবং ভয়াবহ আকার ধারণ করছে। এ ধরনের অপরাধ মোকাবিলায় এককভাবে কোনো দেশের পক্ষে কার্যকর ব্যবস্থা নেওয়া কঠিন। এই প্রেক্ষাপটে জাতিসংঘের তত্ত্বাবধানে গ্লোবাল সামিট অন ফ্রড আয়োজন করা হয়, যেখানে বিভিন্ন দেশ একত্রিত হয়ে এ বিষয়ে সম্মিলিত কৌশল প্রণয়নের উদ্যোগ নেয়।
তিনি বলেন, এই সম্মেলনে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা, বিভিন্ন ধরনের চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর এবং প্রতারণামূলক অপরাধের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। লক্ষ্য হলো- এই অপরাধগুলো যেহেতু সীমান্ত মানে না, তাই বৈশ্বিকভাবে সমন্বিত উদ্যোগের মাধ্যমে এগুলো দমন করা।
সালাহউদ্দিন আহমদ বলেন, আশা করি, জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলো এ বিষয়ে আরও সক্রিয় ভূমিকা পালন করবে। প্রয়োজনীয় তদন্ত ও কার্যক্রমে অংশ নেবে। সর্বোপরি, এই দু’টি বিষয়- বৈশ্বিক প্রতারণা প্রতিরোধ এবং রোহিঙ্গা প্রত্যাবাসন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলোর কার্যকর সমাধানের জন্য আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য। আমরা সে লক্ষ্যে আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখব।
স্বরাষ্ট্রমন্ত্রী এদিন সকাল সাড়ে ৯টায় পেকুয়া উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন। পরে এলাকাবাসীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় এবং উপজেলা মাঠ পরিদর্শন করে মাঠটি সংস্কারের জন্য দ্রুত নির্দেশ দেন তিনি। এরপর মোবারকিয়া মসজিদ প্রাঙ্গণে গিয়ে তার বাবা-মায়ের কবর জিয়ারত করেন মন্ত্রী।
Posted ৯:০৯ এএম | শনিবার, ২১ মার্চ ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Reporter
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।