বিশ্ব ডেস্ক | রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 60 বার পঠিত

যুক্তরাষ্ট্রের অভিবাসন বিভাগের এজেন্টের গুলিতে মিনিয়াপোলিসে তিন সপ্তাহের মধ্যে আবারো এক ব্যক্তি নিহত হয়েছেন। এর জেরে শহরটিতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে।
মিনেসোটা অঙ্গরাজ্যের সেনেটর জানিয়েছেন, নিহত ব্যক্তির নাম অ্যালেক্স প্রেট্টি। ৩৭ বছর বয়সী এই ব্যক্তি মার্কিন নাগরিক এবং পেশায় একজন নার্স। হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী ক্রিস্টি নোয়েমের দাবি, এ ঘটনায় আত্মরক্ষার্থে গুলি ছোড়েন ফেডারেল এজেন্ট।
তবে এই দাবিকে প্রত্যাখ্যান করে ‘মিথ্যা ও অবিবেচক’ বলে আখ্যা দিয়েছেন মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ। আর ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ, মিনিয়াপোলিসের মেয়র ও মিনেসোটার গভর্নর উসকানি তৈরি করছেন।
চলতি মাসের শুরুতে মিনিয়াপোলিসেই অভিবাসন ও কাস্টমস বিভাগের আইন প্রয়োগকারী সংস্থার একজন সদস্যের গুলিতে এক নারী নিহত হন। রেনি নিকোল গুড নামের ওই নারীও মার্কিন নাগরিক ছিলেন। তখনও ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা দাবি করেছিলেন, রেনি গুড ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) এজেন্টদের গাড়িচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন। সে সময় একজন এজেন্ট আত্মরক্ষার জন্য গুলি ছোড়েন।
যা বলেছে হোমল্যান্ড সিকিউরিটি
স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটে ফেডারেল অফিসারের গুলিতে এক ব্যক্তি নিহতের খরব বিবিসিকে নিশ্চিত করে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সার্ভিস। সংস্থার মুখপাত্র ট্রিসিয়া ম্যাকলাফলিন জানান, বর্ডার পেট্রোল কর্মকর্তারা যখন অভিযান চালাচ্ছিলেন, তখন এক ব্যক্তি ৯ মি.মি. সেমি অটোমেটিক হ্যান্ডগান নিয়ে এগিয়ে যান। অফিসার সন্দেহভাজন ব্যক্তিকে নিরস্ত্র করতে উদ্যোগী হলে অস্ত্রধারী ব্যক্তি সহিংস হয়ে ওঠেন।
ম্যাকলাফলিন বলেন, নিজের এবং সহকর্মীদের জীবন ও নিরাপত্তা হুমকির মুখে মনে করে একজন এজেন্ট আত্মরক্ষার্থে তখন গুলি ছোড়েন। ঘটনাস্থলে উপস্থিত স্বাস্থ্যকর্মীরা তখনি তাকে চিকিৎসা সহায়তা দেন। এরপর ওই ব্যক্তিকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়।
সন্দেহভাজন ওই ব্যক্তির কাছে দুটি ম্যাগাজিন ছিল বলে জানান ম্যাকলাফলিন। এরপর বিক্ষোভকারীরা ঘটনাস্থলে গিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাজে বাধা দেন ও তাদের হেনস্থা করেন।
বিক্ষোভ, টিয়ারশেল
ফেডারেল এজেন্টের হাতে এক ব্যক্তির মৃত্যুর পর মিনিয়াপোালিসে তুমুল বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা আইসিই কর্মকর্তাদের অপসারণের দাবি তোলেন। পুলিশ তাদের ছত্রভঙ্গ করার জন্য টিয়ারশেল নিক্ষেপ করে।
কিছুদিন ধরেই শহরটিতে এ ধরনের বিক্ষোভ হচ্ছিল। বিশেষ করে দুই সপ্তাহ আগে মিনিয়াপোলিসে ফেডারেল এজেন্টদের গুলিতে এক নারীর মৃত্যুর পর থেকে। এরপর শহরের মেয়র জ্যাকব ফ্রে ফেডারেল কর্মকর্তাদের বর্ণনা প্রত্যাখ্যান করে এজেন্টদের চলে যাওয়ার দাবি জানান।
মিনিয়াপোলিসে হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন ডেমোক্রেট দলীয় আইন প্রণেতারা। তারা আইসিই এজেন্টদের মিনেসোটা ত্যাগের দাবি তুলেছেন। কংগ্রেসওম্যান আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কর্তেজ সামাজিক মাধ্যম এক্স-এ লিখেছেন, ‘স্বৈরশাসন থেকে আমেরিকানদের রক্ষা করার দায়িত্ব আমাদের। প্রকাশ্য দিবালোকে একজন মাকে গুলি করে হত্যার দুই সপ্তাহ পর আরেকজনকে গুলি করা হলো।’
কংগ্রেস সংখ্যালঘু দলের নেতা হাকিম জেফরিস জড়িত ফেডারেল এজেন্টদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানিয়েছেন। আর কংগ্রেস সদস্য জেসমিন ক্রোকেট বলেছেন, ট্রাম্পের উচিত অযোগ্য, অপ্রশিক্ষিত ও সহিংস এজেন্টদের মিনেসোটা থেকে সরিয়ে নেওয়া।
Posted ৫:৪৫ পিএম | রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Reporter
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।