ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | 2 বার পঠিত

দেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির প্রভাব এবার বেক্সিমকো ফার্মার পরিচালনা পর্ষদেও। কোম্পানিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান পর্ষদ থেকে সরে দাঁড়াতে সম্মতি দিয়েছেন।
সম্প্রতি এ বিষয়ে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) জানিয়েছে বেক্সিমকো ফার্মা।
বিএসইসিকে দেওয়া কোম্পানির চিঠিতে বলা হয়েছে, সালমান এফ রহমানের পদত্যাগের পর পরিচালনা পর্ষদ নতুন করে পুনর্গঠন করা হবে। প্রস্তাবিত পর্ষদে উদ্যোক্তাদের মধ্য থেকে তিনজন, চারজন স্বতন্ত্র পরিচালক, আইএফআইসি ব্যাংকের মনোনীত একজন পরিচালক এবং পদাধিকারবলে ব্যবস্থাপনা পরিচালককে রাখার পরিকল্পনা করা হয়েছে।
এভাবে পর্ষদ পুনর্গঠনের বিষয়ে বিএসইসির পক্ষ থেকেও সবুজ সংকেত দেওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
কোম্পানির স্বার্থেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত
বেক্সিমকো ফার্মার ভাষ্য, রাজনৈতিক পটপরিবর্তনের পর কোম্পানিটি প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়েছে। এ অবস্থায় সালমান এফ রহমানের কারণে যাতে ব্যবসা ও শেয়ারধারীদের স্বার্থ ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়টি বিবেচনায় নিয়েই তিনি পর্ষদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর সালমান এফ রহমান গ্রেপ্তার হন। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
বাড়ছে স্বতন্ত্র পরিচালকের সংখ্যা
বেক্সিমকো ফার্মা দেশের শেয়ারবাজারের পাশাপাশি লন্ডন স্টক এক্সচেঞ্জের অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট মার্কেটেও (এআইএম) তালিকাভুক্ত। ফলে নতুন পরিচালক নিয়োগের ক্ষেত্রে লন্ডন স্টক এক্সচেঞ্জের নিয়মও অনুসরণ করতে হবে।
কোম্পানির পক্ষ থেকে বিএসইসিকে জানানো হয়েছে, নতুন পরিচালক নিয়োগের আগে সংশ্লিষ্ট ব্যক্তিদের যথাযথ যাচাই-বাছাই করতে হবে। এই প্রক্রিয়া শেষ হতে চার থেকে ছয় সপ্তাহ সময় লাগতে পারে।
পর্ষদ পুনর্গঠনের সময় বিদেশি শেয়ারধারীদের একজন প্রতিনিধিকে পরিচালক করার প্রস্তাব দিয়েছিল বিএসইসি। তবে বিদেশি বিনিয়োগকারীরা এতে সম্মতি দেননি।
ফলে স্বতন্ত্র পরিচালকের সংখ্যা বাড়িয়ে নতুন পর্ষদ গঠনের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।
বিনিয়োগকারীদের আস্থা ফেরার প্রত্যাশা
শেয়ারবাজার-সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, বেক্সিমকো ফার্মা দেশের ওষুধ খাতের অন্যতম ভালো কোম্পানি। তবে সালমান এফ রহমানের মালিকানা ও প্রভাবের কারণে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে কোম্পানিটির সুনাম ও ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে।
তাদের মতে, সালমান এফ রহমান পর্ষদ থেকে সরে দাঁড়ালে কোম্পানিটির ব্যবসায়িক কার্যক্রমে স্বাভাবিক পরিবেশ ফেরার সুযোগ তৈরি হতে পারে। পাশাপাশি শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আস্থাও বাড়তে পারে।
বেক্সিমকো ফার্মার সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে কোম্পানিটি ২২২ কোটি টাকা মুনাফা করেছে। এর আগে ২০২৪-২৫ অর্থবছরে কোম্পানিটির মুনাফা ছিল ৬৯৪ কোটি টাকা।
১৯৮৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো ফার্মার উদ্যোক্তাদের হাতে রয়েছে কোম্পানিটির ৩০ শতাংশ শেয়ার। উদ্যোক্তাদের মধ্যে সালমান এফ রহমানও রয়েছেন। বাকি ৭০ শতাংশ শেয়ার রয়েছে প্রাতিষ্ঠানিক, বিদেশি ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে।
Posted ৬:৪৭ এএম | মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।