নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৫ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | 1 বার পঠিত

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণের লক্ষ্যে নির্মিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জাদুঘরের স্মৃতিফলক উন্মোচনের মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। এর মধ্য দিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে জাদুঘরটির কার্যক্রম শুরু হলো।
উদ্বোধনের পর প্রধানমন্ত্রী সূরা ফাতিহা পাঠে অংশ নেন এবং দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন। পরে তিনি জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরে দেখেন। এ সময় সংরক্ষিত আলোকচিত্র, দলিলপত্র, নিদর্শন ও স্মারক পরিদর্শনের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস সম্পর্কে অবহিত হন।
প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁর কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। এছাড়া অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ, গণমানুষের অংশগ্রহণ এবং বিজয়ের ইতিহাস নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান এবং প্রধানমন্ত্রীর তথ্য ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচিহ্ন সংরক্ষণের উদ্দেশ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সরকারি বাসভবন গণভবনকে রূপান্তর করে এই জাদুঘর নির্মাণ করা হয়েছে। বিভিন্ন জটিলতার কারণে এতদিন এটি চালু করা সম্ভব হয়নি। অবশেষে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জাদুঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করেন। এরপর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। সেই সরকারের উদ্যোগে গণভবনে জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন স্মারক, আলোকচিত্র ও দলিল সংরক্ষণ করে এই স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠা করা হয়।
উদ্বোধনের দিন জাদুঘরটি শুধুমাত্র আমন্ত্রিত অতিথিদের জন্য খোলা থাকলেও আগামীকাল বৃহস্পতিবার থেকে এটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
Posted ৫:৪৬ এএম | বুধবার, ০৫ অগাস্ট ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।