ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

দুই বছর পর তিতাসে বৈঠার ঝড়, নৌকা বাইচে মানুষের ঢল!

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   1 বার পঠিত

দুই বছর পর তিতাসে বৈঠার ঝড়, নৌকা বাইচে মানুষের ঢল!

দীর্ঘ দুই বছর পর আবারও বৈঠার ছলাৎ ছলাৎ শব্দে মুখর হয়ে উঠেছে শান্ত তিতাস নদী। শরতের পড়ন্ত বিকেলে বর্ণিল নৌকা বাইচ দেখতে নদীর দুই তীরে নামে মানুষের ঢল।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয় জমজমাট এ নৌকা বাইচ প্রতিযোগিতা। এতে প্রথম স্থান অর্জন করে সদর উপজেলার ক্ষমতাপুর গ্রামের শাপলা বয়েজ ক্লাবের নৌকা।

২০২৩ সালের পর তিতাসে আর নৌকা বাইচ হয়নি। দীর্ঘ বিরতির পর ঐতিহ্যবাহী এ আয়োজন ঘিরে ব্রাহ্মণবাড়িয়াজুড়ে তৈরি হয় উৎসবের আমেজ।

শুধু জেলার মানুষই নয়, আশপাশের বিভিন্ন জেলা থেকেও দর্শনার্থীরা ছুটে আসেন নৌকা বাইচ দেখতে।

বিকেল সাড়ে ৩টায় প্রতিযোগিতা শুরুর কথা থাকলেও দুপুরের আগেই তিতাসের দুই তীরে ভিড় জমাতে শুরু করেন দর্শনার্থীরা। প্রতিযোগিতা শুরু হওয়ার পর শিমরাইলকান্দি থেকে মেড্ডা পর্যন্ত নদীর দুই পাড় পরিণত হয় জনসমুদ্রে।

এবারের প্রতিযোগিতায় জেলার বিভিন্ন স্থান থেকে আসা ৯টি নৌকা অংশ নেয়।

বাহারি রঙের নৌকা আর মাঝিদের ছন্দময় বৈঠার গর্জনে মুহূর্তেই উত্তেজনায় মেতে ওঠেন তিতাসপাড়ের মানুষ। করতালি আর উল্লাসে প্রিয় দলকে উৎসাহ দেন দুই তীরে দাঁড়িয়ে থাকা দর্শনার্থীরা।

জেলা প্রশাসক মো. আবু সাঈদ বলেন, নৌকা বাইচ এখানকার মানুষের প্রাণের উৎসব। আগামী বছর থেকে আরও জমজমাটভাবে এ প্রতিযোগিতার আয়োজন করা হবে।

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া ও এখানকার সংস্কৃতি নিয়ে নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে। নৌকা বাইচের এ আয়োজন প্রমাণ করেছে, ব্রাহ্মণবাড়িয়া একটি সাংস্কৃতিক রাজধানী।

তিনি বলেন, নৌকা বাইচ ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যের অংশ। মানুষ প্রতিবছর এ আয়োজন চায়। আগামী বছর থেকে নিয়মিতভাবে নৌকা বাইচ আয়োজন করা সম্ভব হবে বলে আশা করছি।

প্রতিযোগিতা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শরিফুল ইসলাম, পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ, অতিরিক্ত জেলা প্রশাসক রঞ্জন চন্দ্র দে, জেলা জামায়াতে ইসলামীর আমির মোবারক হোসেন, জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি জহিরুল হক, সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লাসহ অনেকে।

Facebook Comments Box

Posted ৮:০৭ পিএম | শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।