নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | 10 বার পঠিত

জাতীয় সংসদে নিজের দাড়ি ও ধর্মীয় বিশ্বাস নিয়ে কটাক্ষের অভিযোগ তুলে এর বিচার দাবি করেছেন বিএনপির সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। তিনি অভিযোগ করেন, নিজ দলেরই এক সংসদ সদস্য তাকে লক্ষ্য করে আপত্তিকর মন্তব্য করেছেন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এ অভিযোগ করেন তিনি।
মনিরুল হক বলেন, আগের এক অধিবেশনে বাজেট বক্তৃতার প্রথম দিন একটি গল্পকে কেন্দ্র করে তার বক্তব্যের কিছু অংশ স্পিকারের আসন থেকে এক্সপাঞ্জ করা হয়েছিল। এটি স্পিকারের এখতিয়ার হলেও কোন শব্দ অসংসদীয় ছিল, তা জানার অধিকার তার রয়েছে বলে মন্তব্য করেন তিনি। এ বিষয়ে তিনি ৩০০ বিধিতে নোটিশও দিয়েছেন।
তিনি অভিযোগ করেন, সেদিন নামাজের বিরতির পর তার বক্তব্যকে কেন্দ্র করে তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়। তাকে ‘মানবতাবিরোধী’ ও ‘বর্ণবৈষম্যবাদী’ বলেও মন্তব্য করা হয়েছে বলে জানান তিনি।
এক সংসদ সদস্যের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে মনিরুল হক বলেন, ‘নীল নদের পানি যেমন নীল হয় না, তেমনি সকলে দাড়ি রাখলেই মুসলমান হয় না।’
এ মন্তব্যকে নিজের ধর্মীয় বিশ্বাস ও সম্মানের ওপর আঘাত হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘দাড়ি নবীর সুন্নত। এটা নিয়ে কটাক্ষ করার এখতিয়ার সংসদে কেন, বাইরেরও কাউকে দেওয়া হয়নি। আমি এর বিচার চাই।’
তিনি আরও অভিযোগ করেন, সেদিন সংসদের ডেকোরাম ভেঙে কয়েকজন সদস্য তার দাড়ি নিয়ে কটাক্ষ করলেও তার পক্ষে যারা কথা বলতে চেয়েছিলেন, তাদের বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়নি।
নিজের ও সংসদের মর্যাদার স্বার্থে আগের বক্তব্যের কোন অংশ অসংসদীয় ছিল, সে বিষয়ে স্পিকারের কাছে আনুষ্ঠানিক জবাব দাবি করেন মনিরুল হক। তিনি বলেন, ৩০০ বিধিতে দেওয়া নোটিশের বিষয়ে স্পিকারের কাছ থেকে আনুষ্ঠানিক জবাব প্রত্যাশা করছেন।
Posted ৭:৩৭ এএম | শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।