গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে, ৪২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.১ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দিনাজপুর, রাজশাহী, পাবনা ও চুয়াডাঙ্গা জেলাসমূহের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। পঞ্চগড়, রংপুর, নীলফামারী, মৌলভীবাজার, রাঙামাটি ও বান্দরবান জেলাসমূহ এবং রাজশাহী ও খুলনা বিভাগের বাকি অংশসহ ঢাকা ও বরিশাল বিভাগগুলোর ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
২৩ এপ্রিলের পর থেকে বৃষ্টি: আবহাওয়াবিদরা জানান, ২৩ এপ্রিলের পর থেকে সব বিভাগে কালবৈশাখী ঝড় ও বৃষ্টি হতে পারে।
তাপমাত্রা কমছে: আবহাওয়া অধিদপ্তরের গত দুই দিনের উপাত্ত বিশ্লেষণ করে দেখা গেছে, যেসব জেলার ওপর দিয়ে গত কয়দিন তীব্র তাপপ্রবাহ বয়ে গেছে, সেসব জেলার তাপমাত্রা কমছে। ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা আগের দিনের (সোমবার) তুলনায় গতকাল (মঙ্গলবার) ১ ডিগ্রি কমেছে। গত তিন দিনের ব্যবধানে রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা কমেছে ৩.৫ ডিগ্রি সেলসিয়াস। সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঈশ্বরদীতে। আগের দিনের (সোমবার) তুলনায় গতকাল (মঙ্গলবার) ঈশ্বরদীর সর্বোচ্চ তাপমাত্রা কমেছে ২.৮ ডিগ্রি, যশোরে ২.৬ ডিগ্রি ও রাজশাহীতে কমেছে .৬ ডিগ্রি। টানা ১৫ দিন মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হওয়া চুয়াডাঙ্গায় কমেছে ১.৭ ডিগ্রি সেলসিয়াস।
