নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫ | প্রিন্ট | 242 বার পঠিত

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্বীকার করেছেন, পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সাম্প্রতিক ‘অপারেশন সিদুঁর’-এ তেলআবিবের সরবরাহকৃত অস্ত্র ব্যবহার করা হয়েছে।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, যৌথভাবে তৈরি বারাক-৮ সারফেস-টু-এয়ার মিসাইল সিস্টেম এবং ইসরাইলি হার্পি ড্রোন পাকিস্তানি ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
শুক্রবার (৮ আগস্ট) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে জিও নিউজ।
চার দিনব্যাপী এ সংঘর্ষের সূত্রপাত হয় জম্মু ও কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর প্রাণঘাতী হামলার জন্য প্রমাণ ছাড়াই পাকিস্তানকে দায়ী করে ভারতের হামলার মধ্য দিয়ে।
পাল্টা জবাবে পাকিস্তান চালায় ‘অপারেশন বুনইয়ান-উম-মারসুস’, যেখানে একাধিক ভারতীয় সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়। এতে ভারতের ছয়টি যুদ্ধবিমান (তিনটি রাফালসহ) ও বহু ড্রোন ভূপাতিত হয়। ৮৭ ঘণ্টার সংঘাত শেষে ১০ মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়।
নেতানিয়াহু এক্স-এ (সাবেক টুইটার) পোস্টে জানান, তিনি ইসরাইলে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত জেপি সিং-এর সঙ্গে নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতা জোরদার নিয়ে আলোচনা করেছেন এবং পরে শীর্ষ ভারতীয় সাংবাদিকদের সঙ্গে বৈঠকে অস্ত্র ব্যবহারের বিষয়টি উল্লেখ করেছেন।
তার ভাষায়, ‘আমরা আগে যা সরবরাহ করেছি, তা মাঠে খুব ভালো কাজ করেছে… আমরা আমাদের অস্ত্র বাস্তব যুদ্ধক্ষেত্রে পরীক্ষা করি।’
এদিকে, মুম্বাইয়ে ইসরাইলের কনসাল জেনারেল কোবি শোশানি ‘অপারেশন সিদুঁর’-কে ‘আত্মরক্ষামূলক পদক্ষেপ’ আখ্যা দিয়ে তাতে গর্ব প্রকাশ করেছেন।
গত এক দশকে ইসরাইল থেকে ভারতে ২.৯ বিলিয়ন ডলারের বেশি মূল্যের রাডার, ড্রোন ও মিসাইল সিস্টেম সরবরাহ করা হয়েছে। চলমান গাজা যুদ্ধের মধ্যেও ভারতকে অস্ত্র সরবরাহ অব্যাহত রেখেছে তেলআবিব।
Posted ২:৪৪ পিএম | শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Best BD IT
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।