জাতীয় ডেস্ক | বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 264 বার পঠিত

যুক্তরাষ্ট্র ভ্রমণের আগে বাংলাদেশিদের পাঁচ হাজার থেকে ১৫ হাজার ডলার নিরাপত্তা সরূপ জমা দিতে হবে। বিষয়টিকে দুঃখজনক ও কষ্টকর হিসেবে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তবে বিষয়টি অস্বাভাবিক না বলেও জানান তিনি। আজ বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনটাই বলেন তৌহিদ হোসেন।
মার্কিন ভিসা বন্ড নিয়ে প্রশ্ন করলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্র যে সিদ্ধান্ত নিয়েছে সে শুধু বাংলাদেশের বিষয়ে না। অনেকগুলো দেশের মধ্যে বাংলাদেশও আছে। কোন দেশগুলো আছে? যাদের অভিবাসন নিয়ে সমস্যা আছে। আপনারা মার্কিনিদের পরিসংখ্যান দেখেন, যারা ওদের সামাজিক সুরক্ষা থেকে এভাবে গিয়ে (অবৈধভাবে) পয়সা নেয়, তাদের মধ্যে বাংলাদেশিদের সংখ্যা সর্বোচ্চ। তাহলে তারা যদি কিছু দেশের ওপর এ রকম নিষেধাজ্ঞা দেয়, তাতে বাংলাদেশ থাকবে এটা খুব অস্বাভাবিক মনে হচ্ছে না। বিষয়টি অবশ্যই দুঃখজনক ও কষ্টকর। আমাদের জন্য কিন্তু এটা অস্বাভাবিক না।
মার্কিন নতুন ও ভিসা নীতির দায় দায়িত্ব নিয়ে তিনি বলেন, এসব বাংলাদেশিরা যদি সবাই গত এক বছরে যুক্তরাষ্ট্র যেত, আমি বলতাম যে আমরা দায়ী, এবং যদি এই সমস্যাটা এই এক বছরে সৃষ্টি হতো, তাহলে এই সরকারের কিছু দায়-দায়িত্ব থাকতো। এটা চলছে দীর্ঘদিন ধরে। কাজেই দায়-দায়িত্ব যদি আপনি ধরেন, নীতিগত দায়-দায়িত্ব যদি কারো থাকে, সেটা হলো পূর্ববর্তী সব সরকারের। সেটাকে আমরা পরিবর্তন করতে পারিনি, পরিবর্তন করা সম্ভব না। কারণ, মানুষের এই নড়াচড়া বন্ধ করার সাধ্য এই সরকারের নাই, কোনো সরকারের ছিল না।
তৌহিদ হোসেন বলেন, নীতির দিক থেকে আমি যেটা বলতে পারি, সেটা হলো এ সরকার অনিয়মিত অভিবাসনের বিরুদ্ধে কথা বলে আসছে। এ সমস্যার সমাধান একমাত্র আসবে, যদি অনিয়মিত অভিবাসন বন্ধ করতে পারি। পত্রিকা এবং মিডিয়াসহ সবাই ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে মারা গেছে অথবা হাবুডুবু খেয়ে তারপরে উদ্ধার হয়ে এসেছে, সে একজন ভিক্টিম, তার প্রতি সব ধরনের সহানুভূতি দেখানো হয়। আমিও এ বিষয়ে সম্পূর্ণ একমত, তারা অবশ্যই ভিক্টিম। কিন্তু পাশাপাশি আইন ভঙ্গ করে গ্রামের যে ছেলেটি এখান থেকে টুরিস্ট ভিসা নিয়ে কেনিয়া যাচ্ছে, তার তো আসলে কেনিয়াতে টুরিস্ট হিসেবে যাওয়ার সামর্থ্য নাই। আমাকে অসংবেদনশীল শোনালেও এ দুর্ঘটনাগুলো (ভূমধ্য সাগরে নৌকাডুবি) না ঘটুক। এ জন্য যারা ফিরে আসবে তাদের সাহায্য নিতে হবে। খুব ভদ্রভাবে বললে- সাহায্য নিতে গেলে অবশ্যই তাদেরকে আটকাতে হবে এবং জানতে হবে কাকে টাকা দিয়েছে, সেই লোকগুলোকে আটকাতে না পারলে এ সমস্যার কোনোদিন সমাধান হবে না।
ভিসা বন্ড সমাধানে মার্কিন সরকারের সঙ্গে যোগাযোগ নিয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, অবশ্যই সাধারণ পদ্ধতিতে আমরা চেষ্টা করবো, যেন এটা থেকে আমাদেরকে অব্যাহতি করা হয়। চেষ্টা তো অবশ্যই করবো।
শুধু ক্রিকেট দল নয়, সমর্থকদেরও নিরাপত্তার বিষয়ে প্রশ্ন রয়েছে ক্রিকেটার মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া ইস্যুতে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, উপদেষ্টা আসিফ নজরুল যেটা বলেছেন, আমি তা সম্পূর্ণ সমর্থন করি। আমি এটাকে এভাবে দেখি, একজন ক্রিকেটার সীমিত সময় ওখানে যাবে, খেলবে, তারপরে হোটেলে চলে আসবে। তার নিরাপত্তা যদি দেওয়া সম্ভব না হয়, তাহলে আমাদের যে দল খেলতে যাবে, শুধু দল যাবে না, দলের সমর্থকরা যাবে খেলা দেখতে, তাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন আছে। আমরা কী করে বিশ্বাস করবো যে তারা নিরাপদ থাকবে? যে হিন্দুত্ববাদী সংগঠন বাংলাদেশ বিরোধী কার্যকলাপ এবং কথাবার্তা বলছে, সেটার প্রেক্ষিতে আসলে সত্যিকার অর্থেই ভারতীয় সংস্থাগুলোর পক্ষে সবাইকে নিরাপত্তা দেওয়া কঠিন হবে। সেই হিসেবে আমরা আসলে খেলবো, কিন্তু ভারতের বাইরে খেলবো, যেখানে এ সমস্যা হবে না।
এজন্য ভারতের সঙ্গে বাণিজ্য থেকে শুরু করে অন্যান্য বিষয়ে প্রভাব নিয়ে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, নতুন করে এই ইস্যুটা (মুস্তাফিজ) এসেছে। কিন্তু এ রকম বিভিন্ন ইস্যু বিভিন্ন সময় আসছে। প্রত্যেকটিরই কিছু নেতিবাচক প্রভাবতো থাকবেই। কিন্তু আমরা আমাদের স্বার্থ যেখানে আছে, যদি থাকে, সেখানে আমরা কিছু নষ্ট করতে যাবো না। এখানে আমাদের স্বার্থ আছে হচ্ছে– না যাওয়াতে। কারণ, আমাদের এখানে আমাদের লোকদের নিরাপত্তা প্রশ্ন জড়িত। কিন্তু যদি আমাদের চাল কেনাতে যদি স্বার্থ থাকে, যদি আমরা কম দামে পাই এবং আমাদের কিনতেই হয়। তাহলে ভারত যদি আমাদের এখানে চাল রপ্তানি করে, তাতে আমি কোনো সমস্যা দেখি না।
নির্বাচনের আগে ভারতীয়দের জন্য কি টুরিস্ট ভিসা স্থগিত? উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা জানান, আমাদের এ ধরনের কোনো সিদ্ধান্ত নেই। যেটা করেছি, সেটা হলো– যে মিশনগুলোতে সমস্যা সৃষ্টি হয়েছে, সেখানে আমরা আপাতত ভিসা ইস্যু বন্ধ রাখতে বলেছি। কারণ, এটা নিরাপত্তার বিষয়। নিরাপত্তার জন্য তিনটা জায়গায় ভিসা বন্ধ আছে। পাকিস্তান থেকে যুদ্ধ বিমান কেনা নিয়ে তিনি বলেন, এটা নিয়ে আলোচনা চলছে।
Posted ৪:৫৩ পিএম | বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Reporter
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।