ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 7 বার পঠিত
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়, বন্যা, তুষারপাত ও প্রবল বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ঝড়ের প্রভাবে দেশটির বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি সড়ক ও সেতু বন্ধ হয়ে গেছে। বিদ্যুৎহীন হয়ে পড়েছেন ৯ লাখের বেশি গ্রাহক। ব্যাহত হয়েছে বিমান ও রেল চলাচলও।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থ্যাংকসগিভিং উৎসবের দিন ঝড়ের কারণে শত শত ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে নিউইয়র্কের ঐতিহ্যবাহী ম্যাসির থ্যাংকসগিভিং প্যারেডও ইতিহাসে প্রথমবারের মতো স্থগিত করা হয়েছে। অনুষ্ঠানটি শনিবার আয়োজনের কথা রয়েছে।
নিউ জার্সির আটলান্টিক সিটিতে বন্যার পানি নামতে শুরু করলেও এখনো কিছু সড়কে পানি জমে রয়েছে। শহরের জরুরি ব্যবস্থাপনা কর্মকর্তা স্কট ইভান্স জানান, নিচু এলাকাগুলোতে ২ থেকে ৩ ফুট পর্যন্ত পানি উঠেছিল। উদ্ধারকর্মীরা কয়েকটি বাড়ি থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার পাশাপাশি পানিতে আটকে পড়া যানবাহন থেকে ১৪টির বেশি উদ্ধার অভিযান পরিচালনা করেছেন।
ভার্জিনিয়ার বিভিন্ন শহরেও বন্যার পানিতে আটকে পড়া মানুষদের উদ্ধার করা হয়েছে। নরফোক শহরে ফায়ার সার্ভিস ৩৯ জনকে উদ্ধার করেছে। পয়োসন শহরে বাড়িতে আটকে পড়া প্রায় পাঁচজনকে উদ্ধার করে স্বজনদের কাছে পৌঁছে দেওয়া হয়। এসব ঘটনায় কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
দুটি পৃথক ঝড়ের প্রভাবে যুক্তরাষ্ট্রজুড়ে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট পাওয়ারআউটেজ ডট ইউএসের তথ্যমতে, পেনসিলভানিয়ায় ২ লাখ ১৩ হাজারের বেশি, ভার্জিনিয়ায় ১ লাখ ৫০ হাজারের বেশি এবং মিসৌরিতে প্রায় ১ লাখ ২০ হাজার গ্রাহক বিদ্যুৎহীন রয়েছেন। এ ছাড়া নিউইয়র্ক, নর্থ ক্যারোলাইনা ও ইলিনয়েও বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।
মিসৌরিতে ভারী ও ভেজা তুষারপাতের কারণে বিদ্যুতের লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজ্যটির বিভিন্ন এলাকায় ৮ থেকে ১২ ইঞ্চি তুষার জমেছে। কোথাও কোথাও তুষারপাতের পরিমাণ ১৪ ইঞ্চি ছাড়িয়েছে। টেনেসির পশ্চিম ও মধ্যাঞ্চলেও তুষারপাত হচ্ছে। মেমফিসে অন্তত ৭০ বছরের মধ্যে থ্যাংকসগিভিংয়ের দিনে প্রথমবার তুষারপাত হয়েছে।
ঝড়ের কারণে বিমান চলাচলেও ব্যাপক বিঘ্ন ঘটেছে। নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে ডেল্টা এয়ারলাইনসের ফ্লাইট চলাচলে গ্রাউন্ড স্টপ জারি করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত এ নির্দেশ কার্যকর থাকার কথা।
নিউ জার্সির নিউয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবল বাতাসের আশঙ্কায় টার্মিনালগুলোর সংযোগকারী উড়াল ট্রেন বন্ধ রাখা হয়েছে। বিকল্প হিসেবে বাস চালু করা হয়েছে।
অন্যদিকে, ক্যালিফোর্নিয়ার দক্ষিণ উপকূলে উচ্চ জোয়ার ও উত্তাল ঢেউয়ের কারণে আমট্রাকের প্যাসিফিক সার্ফলাইনার ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। সমুদ্রের ঢেউ রেললাইনের ওপর আছড়ে পড়ায় কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে।
Posted ১:৩১ পিএম | শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।