জেলা প্রতিনিধি | বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 2 বার পঠিত
অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছিল মিষ্টি। অভিযানে বেরিয়ে এলো খাবারের মান ও পরিবেশের নানা অসংগতি। শেষ পর্যন্ত ধ্বংস করা হলো প্রায় ৫০ কেজি মিষ্টি ও জিলাপি। একই সঙ্গে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে ৩২ হাজার টাকা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চম্পকনগর বাজারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা নিরাপদ খাদ্য অফিসের যৌথ অভিযানে এসব অনিয়ম ধরা পড়ে।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। তাঁকে সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আসিফুর রহমান।
অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চম্পকনগর বাজারে অভিযান চালানো হয়। এ সময় জয় লোকনাথ মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি এবং খাদ্যের মান বজায় রাখার ক্ষেত্রে বিভিন্ন অসংগতি পাওয়া যায়।
অভিযোগের সত্যতা স্বীকার করে দোকানটির মালিক ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার মুচলেকা দেন। পরে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি দোকানটির প্রায় ৫০ কেজি খাওয়ার অনুপযোগী মিষ্টি ও জিলাপি ধ্বংস করা হয়।
অন্যদিকে, বাজারের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানগুলোতেও অভিযান চালানো হয়। এ সময় মূল্যতালিকা প্রদর্শন না করায় দুটি মুদি দোকানকে এক হাজার টাকা করে মোট দুই হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, জনস্বাস্থ্য সুরক্ষা ও ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Posted ২:০২ পিএম | বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।