খেলা ডেস্ক | মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | 62 বার পঠিত

ঢাকায় এসেও শেষ পর্যন্ত মাঠের লড়াইয়ে নামা হচ্ছে না রায়ান উইলিয়ামসের। অস্ট্রেলিয়া প্রবাসী এই ফরোয়ার্ডকে ঘিরে ভারতের কোচ খালিদ জামিল যে ছক কষেছিলেন, তা ভেস্তে গেল ফিফার লাল ফিতায়। ফিফার চূড়ান্ত অনুমোদন না মেলায় আজ রাত আটটায় বাংলাদেশের বিপক্ষে ম্যাচে দর্শক হয়েই থাকতে হচ্ছে তাকে।
জানা গেছে, গতকাল সোমবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ম্যাচ কমিশনারের কাছে ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড জমা দেওয়ার সময়সীমা ছিল। ভারতীয় টিম ম্যানেজমেন্ট শেষ মুহূর্ত পর্যন্ত ফিফার সবুজ সংকেতের অপেক্ষায় ছিল। এমনকি বিকেলে অনুষ্ঠিত ম্যানেজার্স মিটিংয়েও তারা স্কোয়াড জমা দিতে সময় চেয়েছিল। কিন্তু ফুটবল অস্ট্রেলিয়ার ছাড়পত্র মিললেও ফিফার সদর দপ্তর থেকে কাঙ্ক্ষিত অনুমোদন আর আসেনি।
ফিফার নিয়ম অনুযায়ী, এক দেশের হয়ে খেলার পর অন্য দেশের জার্সি গায়ে জড়ানোর প্রক্রিয়াটি বেশ জটিল ও সময়সাপেক্ষ। সেই দীর্ঘসূত্রতাতেই আটকে গেল তার ভারতের হয়ে অভিষেক। খালিদ জামিল তাকে নিয়ে অনেক আশা করলেও শেষ পর্যন্ত হতাশ হতে হলো সফরকারীদের।
ছয় মাস আগে অস্ট্রেলিয়ান পাসপোর্ট ত্যাগ করে ভারতীয় পাসপোর্ট গ্রহণের প্রক্রিয়া শুরু করেছিলেন উইলিয়ামস। তার শেকড় মূলত ভারতেই। তার নানা লিংকন গ্রোস্টেট ১৯৫০-এর দশকে ওয়েস্টার্ন ইন্ডিয়া ফুটবল অ্যাসোসিয়েশনের হয়ে খেলেছিলেন। এছাড়া তার যমজ ভাই অ্যারিনও ২০১৭ থেকে ২০১৯ সালের মধ্যে আই-লিগে নেরোকার হয়ে ভারতের মাঠে খেলেছেন।
উইলিয়ামস তার ক্লাব ক্যারিয়ারের অনেকটা সময় কাটিয়েছেন যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়ায়। ২০১৬ সালে বার্নসলের হয়ে তিনি ইংলিশ ফুটবল লিগ ট্রফিও জিতেছিলেন। ২০২৩ সালে তিনি বেঙ্গালুরু এফসিতে যোগ দেন। সেখানে এখন পর্যন্ত ৪৬টি ম্যাচ খেলে ১৩টি গোল করেছেন এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৫টি গোল।
এদিকে কোচ হাভিয়ের কাবরেরার দেওয়া ২৩ জনের তালিকায় জায়গা হয়নি স্ট্রাইকার মোহাম্মদ আল-আমিন, মোরশেদ আলী, গোলরক্ষক পাপ্পু হোসেন এবং ডিফেন্ডার রহমত মিয়ার। হংকং ম্যাচের স্কোয়াডে না থাকা কাজেম শাহ ফিরেছেন ভারতের বিপক্ষে ম্যাচে। চোটাক্রান্ত রহমত মিয়া ও মোহাম্মদ ইব্রাহিমের বদলি হিসেবে ক্যাম্পে ডাক পাওয়া কিউবা মিচেল চূড়ান্ত দলে জায়গা করে নিলেও বাদ পড়েছেন মোরশেদ। এছাড়া দলের অন্যতম ভরসা শেখ মোরসালিনের হালকা চোট থাকলেও তাকে রেখেই ভারতের বিপক্ষে পরিকল্পনা সাজিয়েছেন বাংলাদেশ কোচ।
Posted ১২:১৯ পিএম | মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Reporter
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।