ডেস্ক রিপোর্ট | শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 4 বার পঠিত
শিক্ষাপ্রতিষ্ঠানে গোষ্ঠীদ্বন্দ্ব, ব্যক্তিগত স্বার্থের সংঘাত ও অপ্রয়োজনীয় বিরোধ পরিহারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, রাজনৈতিক মত ও বিশ্বাসের ভিন্নতা গণতান্ত্রিক সমাজে স্বাভাবিক। তবে সেই ভিন্নতা যেন শিক্ষার পরিবেশ, পাঠদান, প্রশাসনিক শৃঙ্খলা ও শিক্ষার্থীদের নিরাপত্তায় বিঘ্ন না ঘটায়, সেদিকে শিক্ষকদের সতর্ক থাকতে হবে।
শনিবার সকালে রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মেলন-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষদের নিয়ে আয়োজিত এ সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘দক্ষতা আর প্রযুক্তিতে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’।
প্রধানমন্ত্রী বলেন, একজন অধ্যক্ষ শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশাসনিক প্রধান নন; তিনি প্রতিষ্ঠানের নেতা, নৈতিক দিকনির্দেশক এবং ভবিষ্যৎ প্রজন্ম গড়ার অন্যতম স্থপতি। তাঁর মেধা, যোগ্যতা, সিদ্ধান্ত, বিচক্ষণতা ও দূরদর্শিতার ওপর প্রতিষ্ঠানের সামগ্রিক অগ্রগতি অনেকাংশে নির্ভর করে।
শিক্ষা খাতে বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করে তারেক রহমান বলেন, শহর ও গ্রামের মানুষের জন্য উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টির লক্ষ্যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ১৯৯২ সালের ২১ অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের সংখ্যা প্রায় আড়াই হাজার। প্রতিষ্ঠার পর কলেজ ও শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও শিক্ষার মান কতটা উন্নত হয়েছে, তা নিয়ে আত্মসমালোচনা প্রয়োজন।
বিগত ফ্যাসিবাদী শাসনামলে দেশের অন্যান্য খাতের মতো শিক্ষাব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এখন ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে সবাইকে সম্মিলিতভাবে শিক্ষাব্যবস্থাকে আধুনিক, মানসম্মত ও সময়োপযোগী করে গড়ে তুলতে হবে। সরকার এ লক্ষ্যে প্রয়োজনীয় পরিকল্পনা ও পদক্ষেপ গ্রহণ করছে। এসব পরিকল্পনা বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষদের নেতৃত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
প্রযুক্তিনির্ভর ও দক্ষতাভিত্তিক শিক্ষার ওপর গুরুত্ব
যুগোপযোগী ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে শিক্ষকদের প্রশিক্ষণের বিকল্প নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, প্রচলিত শিক্ষককেন্দ্রিক শিক্ষার পরিবর্তে শিক্ষার্থী ও গবেষণাভিত্তিক পাঠদান পদ্ধতি চালু করতে হবে। এ ক্ষেত্রে ‘ট্রেনিং অব ট্রেইনার্স’ কর্মসূচি কার্যকর ভূমিকা রাখতে পারে।
তিনি বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার সঙ্গে শিক্ষক ও শিক্ষার্থীরা নিজেদের খাপ খাওয়াতে না পারলে প্রতিবছর সনদনির্ভর শিক্ষিত মানুষের সংখ্যা বাড়বে, কিন্তু বেকারত্ব কমবে না। একাডেমিক শিক্ষার পাশাপাশি ব্যবহারিক ও কারিগরি জ্ঞান এবং দক্ষতার অভাব শিক্ষিতদের বেকারত্বের অন্যতম কারণ।
চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে গতানুগতিক শিক্ষাব্যবস্থা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিকস, বিগ ডেটা, ইন্টারনেট অব থিংস, ব্লকচেইন, অটোমেশন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, সাইবার নিরাপত্তা ও ফাইভ-জি প্রযুক্তি ভবিষ্যতের কর্মজগতে আমূল পরিবর্তন আনছে।
এসব প্রযুক্তির কারণে পুরোনো অনেক পেশা বিলুপ্ত হচ্ছে, অন্যদিকে নতুন নতুন কর্মসংস্থানের ক্ষেত্রও তৈরি হচ্ছে। এ বাস্তবতায় প্রযুক্তিনির্ভর, উদ্ভাবনমুখী, দক্ষতাভিত্তিক ও কর্মসংস্থান উপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার কোনো বিকল্প নেই।
শিক্ষা ও শিল্প খাতের সমন্বয়ের তাগিদ
শিক্ষার সঙ্গে শিল্প খাতের কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান জ্ঞানের ভিত্তি তৈরি করবে, আর শিল্প খাত সেই জ্ঞানকে বাস্তব দক্ষতায় রূপান্তর করবে। এ লক্ষ্যে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তাদের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অতিথি শিক্ষক হিসেবে পাঠদানের সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করতে হবে।
একই সঙ্গে শিক্ষার্থীদের ইন্টার্নশিপ, ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট এবং বাস্তব কর্মক্ষেত্রে হাতে-কলমে প্রশিক্ষণের সুযোগ বাড়াতে শিল্প উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, শিক্ষাজীবনেই লক্ষ্যভিত্তিক কর্মদক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করতে পারলে শিক্ষার্থীরা চাকরির অপেক্ষায় না থেকে নিজেরাই উদ্যোক্তা হয়ে অন্যের কর্মসংস্থান সৃষ্টিতে সক্ষম হবেন।
তিনি আরও বলেন, আধুনিক প্রযুক্তিগত শিক্ষার সঙ্গে মানবিক শিক্ষার সমন্বয় ঘটাতে হবে। শিক্ষাকে শুধু চাকরির প্রস্তুতির মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না। সাহিত্য, দর্শন, ইতিহাস, বিজ্ঞান, সমাজবিজ্ঞান ও সংস্কৃতিচর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ, সৃজনশীলতা, যুক্তিবোধ ও নেতৃত্বের গুণাবলি বিকাশের সুযোগ তৈরি করতে হবে।
বহুভাষা শিক্ষা ও ক্যারিয়ার কাউন্সেলিং বাড়ানোর আহ্বান
বহুভাষা শিক্ষার ওপর গুরুত্বারোপ করে তারেক রহমান বলেন, ইংরেজির পাশাপাশি আরবি, ম্যান্ডারিন, জাপানি, কোরীয়, ফরাসি, জার্মানসহ আন্তর্জাতিকভাবে চাহিদাসম্পন্ন বিভিন্ন ভাষা শেখার সুযোগ শিক্ষার্থীদের জন্য তৈরি করতে হবে।
এ ছাড়া ক্যারিয়ার কাউন্সেলিং, ইন্টার্নশিপ, দক্ষতা উন্নয়ন, ল্যাঙ্গুয়েজ ক্লাব প্রতিষ্ঠা এবং উদ্যোক্তা তৈরির সুযোগ বাড়াতেও উদ্যোগ নিতে হবে।
শিক্ষাব্যবস্থার আধুনিকায়নের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষকদের স্বার্থ সংরক্ষণেও সরকার সচেতন বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। কলেজভিত্তিক শিক্ষক সংকট নিরূপণ, শূন্য পদ পূরণ, প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ ও পদায়ন এবং শিক্ষকদের প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সমন্বিতভাবে পদক্ষেপ নিতে হবে।
এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এবং জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
কলেজে সৌরবিদ্যুৎ ও বৃক্ষরোপণে গুরুত্ব
শিক্ষাপ্রতিষ্ঠানে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, যেসব কলেজের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের উপযোগী জায়গা রয়েছে, সেসব প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের উদ্যোগ নিতে হবে।
তিনি শিক্ষাপ্রতিষ্ঠান, বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং বৃক্ষরোপণ কর্মসূচি জোরদার করার আহ্বান জানান। শিক্ষার্থী ও শিক্ষকদের সম্মিলিত উদ্যোগে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ইতোমধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রায় দুই লাখ বৃক্ষরোপণ করা হয়েছে। এ কার্যক্রম আরও সম্প্রসারণ করতে হবে।
এছাড়া আর্থিকভাবে অসচ্ছল, প্রান্তিক জনগোষ্ঠী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের স্বার্থ সংরক্ষণে প্রতিটি কলেজ কর্তৃপক্ষকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে বলেন, সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায়, যে দেশ জ্ঞান ও গুণে সমৃদ্ধ, কর্মে আত্মনির্ভরশীল, মানবিকতায় উন্নত এবং বিশ্বমঞ্চে নিজস্ব মর্যাদায় মাথা উঁচু করে দাঁড়াবে।
বক্তব্যের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি’ কর্মসূচির সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে যা ছিল
এর আগে সকাল ১০টা ২০ মিনিটে সম্মেলনে পৌঁছান প্রধানমন্ত্রী। জাতীয় সংগীত ও কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে মহান মুক্তিযুদ্ধ ও চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এরপর ‘প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ’ গানের সঙ্গে তাল মিলিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। প্রামাণ্যচিত্রে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরা হয়।
এ সময় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে গাছ উপহার দেন তিনি।
অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাজাহান মোল্লার তৈরি ‘দুর্যোগ থেকে স্বস্তি’ শিরোনামে একটি অ্যাপসের তথ্যচিত্র প্রকাশ করা হয়। এতে দুর্যোগ ও ভূমিকম্প মোকাবিলায় জরুরি পরিস্থিতিতে সতর্কতা ও সহায়তাসংক্রান্ত তথ্য, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দর, যাতায়াত ব্যবস্থাপনা, স্বাস্থ্যসংশ্লিষ্ট সতর্কবার্তা এবং সরকারি কার্যক্রমে সহায়ক তথ্যপ্রবাহ তুলে ধরা হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজে প্রায় ৪০ লাখ শিক্ষার্থী পড়াশোনা করছেন। দেশের উচ্চশিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের প্রায় ৭০ শতাংশ এসব প্রতিষ্ঠানের। সম্মেলনের মাধ্যমে কলেজগুলোর সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমন্বয় বাড়ানোর পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন ও কলেজ পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক।
এছাড়া বক্তব্য রাখেন বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মাহফুজুল ইসলাম, লালমাটিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ সুলতানা মাহমুদা ইয়াসমীন এবং বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইন।
উচ্চশিক্ষার মানোন্নয়ন, কলেজ শিক্ষায় সুশাসন প্রতিষ্ঠা ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়। পাশাপাশি দক্ষ মানবসম্পদ তৈরি এবং অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার পরিবেশ ও মান উন্নয়নে অধ্যক্ষদের ভূমিকা আরও কার্যকর করাও ছিল এ আয়োজনের উদ্দেশ্য।
Posted ১:৩৮ পিএম | শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।