ডেস্ক রিপোর্ট | শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 4 বার পঠিত
ভূমি কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। ভূমি অফিসে ভূমিদস্যুরা যাতে কোনো ধরনের সুযোগ-সুবিধা নিতে না পারে, সে বিষয়ে কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি।
শনিবার বেলা ১১টায় রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) আয়োজিত ‘অটোমেটেড ভূমি সেবা সিস্টেমে ভূমি তথ্য সন্নিবেশ ও সংরক্ষণ কার্যক্রম’ শীর্ষক অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ভূমিমন্ত্রী।
তিনি বলেন, কোনো ভূমিদস্যুকে প্রশ্রয় দেওয়া যাবে না। ভূমি অফিসগুলোতে যাতে ভূমিদস্যুরা কোনো ধরনের সুযোগ-সুবিধা নিতে না পারে, সে বিষয়ে কর্মকর্তাদের সতর্ক থাকতে হবে। একই সঙ্গে সাধারণ সেবাপ্রত্যাশীরা যাতে অগ্রাধিকার পান, তা নিশ্চিত করতে হবে।
ভূমিমন্ত্রী বলেন, ভূমিসংক্রান্ত জটিলতা ও হয়রানি দূর করতে সরকার কাজ করছে। আজকের কর্মশালা সেই উদ্যোগেরই অংশ।
কর্মশালায় অংশগ্রহণকারী কর্মকর্তাদের মনোযোগ দিয়ে প্রশিক্ষণ গ্রহণ এবং প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ভবিষ্যৎ কর্মক্ষেত্রে কাজে লাগানোর আহ্বান জানান তিনি।
অন্যায় ও অনিয়মের বিষয়ে সতর্ক করে ভূমিমন্ত্রী বলেন, এসব কাজের জন্য শুধু এ দুনিয়াতেই নয়, পরকালেও জবাবদিহি করতে হবে। যারা অন্যায় ও অনিয়মের মাধ্যমে অর্থ-সম্পদের মালিক হয়েছেন, তাদের কেউই জীবনে শান্তি পাননি। এমনকি মৃত্যুর আগেও তাদের কষ্ট ভোগ করতে হয়েছে।
তিনি ভূমি মন্ত্রণালয়ের অধীন সব প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে দেশের অগ্রগতিতে ভূমিকা রাখার আহ্বান জানান।
রাজশাহীর জেলা প্রশাসক মো. কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. রেজাউল আলম সরকার এবং ইউএনডিপির আবাসিক প্রতিনিধি সোনালি দয়ারত্নে।
কর্মশালায় রাজশাহী জেলার নয়টি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সূত্র: বাসস
Posted ১:১৩ পিএম | শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।