ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

কারাফটকে ছেলের নিথর দেহ, কান্নায় ভেঙে পড়ে শেষ বিদায় জানালেন বন্দি যুবলীগ নেত্রী শারমিন

জেলা প্রতিনিধি   |   শনিবার, ২৮ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   2 বার পঠিত

কারাফটকে ছেলের নিথর দেহ, কান্নায় ভেঙে পড়ে শেষ বিদায় জানালেন বন্দি যুবলীগ নেত্রী শারমিন

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দি যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা সর্মির (৪৪) বড় ছেলে মারা গেছে। সন্তানের মৃত্যুর খবর পেয়ে প্যারোলে মুক্তির আবেদন না করে ছেলেকে শেষবারের মতো দেখার আকুতি জানান তিনি। পরে তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে মানবিক বিবেচনায় কারাগারের ফটকে ছেলের নিথর দেহ দেখার ব্যবস্থা করে দেয় কারা কর্তৃপক্ষ।

শনিবার (২৮ নভেম্বর) কারাগারের ফটকে ছেলের নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন শারমিন। অশ্রুসিক্ত চোখে সন্তানকে শেষ বিদায় জানান তিনি। মা ও সন্তানের এই হৃদয়বিদারক শেষ সাক্ষাতের দৃশ্যে কারাগার প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় শোকের আবহ তৈরি হয়।

কারাগার সূত্রে জানা গেছে, গত অক্টোবর মাসে রাজধানীর লালবাগে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা সর্মিকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।

এর মধ্যে গত শুক্রবার রাত ১০টার দিকে আকস্মিকভাবে মারা যায় তাঁর বড় ছেলে নিসর্গ হোসেন তুর্য। সন্তানের মৃত্যুর খবর শুনে কারাগারের ভেতরে ভেঙে পড়েন শারমিন। পরে পরিবারের পক্ষ থেকে মৃত ছেলেকে শেষবারের মতো মায়ের সামনে নেওয়ার আবেদন করা হয়। মানবিক বিবেচনায় সেই আবেদন মঞ্জুর করে কারা কর্তৃপক্ষ।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) মো. নজরুল ইসলাম বলেন, সন্তানের মৃত্যুর খবর পাওয়ার পর শারমিন সুলতানা প্যারোলে মুক্তির জন্য আবেদন করেননি। তবে ছেলেকে শেষবারের মতো দেখতে চেয়ে আবেদন করেছিলেন।

তিনি আরও বলেন, শারমিন সুলতানার ছেলে প্রতিবন্ধী ছিল। বিষয়টি মানবিক দিক বিবেচনা করে তাঁকে কারাগারের ফটকে ছেলেকে শেষবারের মতো দেখার সুযোগ দেওয়া হয়েছে।

Facebook Comments Box

Posted ১০:৩১ এএম | শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।