ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা চান ববি হাজ্জাজ

ডেস্ক রিপোর্ট   |   বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   28 বার পঠিত

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা চান ববি হাজ্জাজ

প্রাথমিক শিক্ষার গুণগত মান বাড়ানো, শিক্ষার্থীদের শিখনঘাটতি দূর করা এবং শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও কার্যকরভাবে কাজে লাগাতে চায় সরকার। এ ক্ষেত্রে বাংলাদেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বিশ্বব্যাংকের আন্তর্জাতিক অভিজ্ঞতা ও গবেষণালব্ধ জ্ঞান কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে সচিবালয়ে প্রতিমন্ত্রীর কার্যালয়ে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেসমের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে তিনি এ আহ্বান জানান।

বৈঠকে ববি হাজ্জাজ বলেন, প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকারের লক্ষ্য শুধু বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন নয়; বরং প্রতিটি শিশুর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং প্রত্যাশিত শিখনফল অর্জনের সুযোগ তৈরি করা।

তিনি জানান, এ লক্ষ্য বাস্তবায়নে চলমান পিইডিপি-৫-এর কার্যক্রমগুলো আরও পরিকল্পিত, সুনির্দিষ্ট ও ফলাফলভিত্তিক করার উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রকল্পের প্রতিটি কার্যক্রমের লক্ষ্য, বাস্তবায়ন কাঠামো ও জবাবদিহিতা স্পষ্ট থাকতে হবে। একই ধরনের কার্যক্রম একাধিক প্রকল্পে বিভক্ত না রেখে সমন্বিতভাবে বাস্তবায়নের ওপরও গুরুত্ব দেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকারি ও বেসরকারি সব ধারার শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য অভিন্ন মানদণ্ডে মূল্যায়ন ও মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন।

শিক্ষার্থীদের শিখন অগ্রগতি নিয়মিত মূল্যায়ন, পিছিয়ে পড়া শিশুদের জন্য প্রয়োজনভিত্তিক সহায়তা এবং শিক্ষকদের প্রশিক্ষণ ও ধারাবাহিক পেশাগত উন্নয়ন নিশ্চিত করতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। এ ক্ষেত্রে বিশ্বব্যাংকের আন্তর্জাতিক অভিজ্ঞতা, গবেষণা ও কার্যকর পদ্ধতিগুলো বাংলাদেশের বাস্তবতার সঙ্গে সমন্বয় করে কাজে লাগানোর আহ্বান জানান প্রতিমন্ত্রী।

অন্যদিকে, বিশ্বব্যাংকের প্রতিনিধিরা জানান, পিইডিপি-৫-এর আওতায় প্রাথমিক শিক্ষায় প্রবেশাধিকারের পাশাপাশি শিক্ষার গুণগত মান, সমতা ও শিক্ষার্থীদের শিখনফল উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

এ লক্ষ্যে শ্রেণিকক্ষে কার্যকর পাঠদান, কাঠামোবদ্ধ পাঠদান পদ্ধতি (স্ট্রাকচার্ড পেডাগজি), শিক্ষার্থীদের শিখনঘাটতি পূরণে প্রতিকারমূলক শিক্ষা (রিমিডিয়াল এডুকেশন) এবং প্রাক-প্রাথমিক শিক্ষার মানোন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

বিশ্বব্যাংকের প্রতিনিধিদল জানায়, আন্তর্জাতিক পর্যায়ে পরিচালিত বিভিন্ন গবেষণা ও মূল্যায়নের ভিত্তিতে শিক্ষার্থীদের শিখনফল উন্নয়নে কার্যকর ও ব্যয়সাশ্রয়ী উদ্যোগ বাস্তবায়নে বাংলাদেশকে সহযোগিতা করতে আগ্রহী সংস্থাটি।

বৈঠকে প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক বিশেষ সহকারী গিয়াস উদ্দিন, প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. দাউদ মিয়া এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিশ্বব্যাংকের পক্ষে বাংলাদেশ ও ভুটানের ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেসমের নেতৃত্বে সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।

Facebook Comments Box

Posted ১১:২৮ এএম | বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।