নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 27 বার পঠিত
গাজীপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনে আবারও অচল হয়ে পড়েছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক। বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টার দিকে মহানগরীর ছয়দানা ও হারিকেন এলাকায় মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। এতে উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকরা।
শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুর মহানগরীর ১০টি তৈরি পোশাক কারখানায় আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে গাজীপুরের বিভিন্ন এলাকায় ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন করে আসছেন পোশাকশ্রমিকরা। এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার কোনাবাড়ী, জরুন, ছয়দানা, ভোগড়া, চান্দনা চৌরাস্তা ও শ্রীপুর উপজেলার কয়েকটি এলাকায় বিক্ষোভ করেন তারা।
বুধবার সকাল ৯টার দিকে মহানগরীর ছয়দানা এলাকার কয়েকটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা ছয়দানা ও হারিকেন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
খবর পেয়ে শিল্প পুলিশ, থানা-পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তারা শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এদিকে, মহানগরীর কোনাবাড়ী এলাকায় দুটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করলেও তারা মহাসড়কে অবস্থান নেননি বলে জানা গেছে।
গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। শ্রমিক আন্দোলনের কারণে আজ সকালে ১০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।’
Posted ৬:১১ এএম | বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।