জেলা প্রতিনিধি | বুধবার, ১১ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 2 বার পঠিত
মুন্সীগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ১১ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও কাশ্মীরি শাল জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১০)। এ ঘটনায় চোরাচালানের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। জব্দ করা হয়েছে পণ্য পরিবহনে ব্যবহৃত দুটি কাভার্ড ভ্যান।
মঙ্গলবার দিবাগত রাত পৌনে ৪টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পদ্মা সেতু উত্তর থানাধীন দক্ষিণ মেদিনীমণ্ডল এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান চালায় এসআরবি-১০-এর শ্রীনগর ক্যাম্পের একটি দল।
এ সময় পদ্মা সেতু পার হয়ে মুন্সীগঞ্জের দিকে আসা দুটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ২৬ হাজার ৩৫৩ পিস ভারতীয় শাড়ি ও ২ হাজার ৪৮৭ পিস কাশ্মীরি শাল উদ্ধার করা হয়।
এসআরবি সূত্র জানায়, উদ্ধার করা শাড়ির আনুমানিক বাজারমূল্য ১০ কোটি ৫৪ লাখ ১২ হাজার টাকা এবং কাশ্মীরি শালের মূল্য ৩৭ লাখ ৩০ হাজার টাকা। সব মিলিয়ে জব্দ করা পণ্যের বাজারমূল্য ১০ কোটি ৯১ লাখ ৪২ হাজার টাকা।
গ্রেফতার ব্যক্তিরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা এলাকার শাহাদাত হোসেনের ছেলে সাজ্জাদ হোসেন (২৮) এবং কলারোয়া উপজেলার জালাল উদ্দিনের ছেলে নাজমুল হোসেন (৩২)।
এসআরবি সূত্রে আরও জানা যায়, গ্রেফতার দুজন পরস্পরের যোগসাজশে ভারতের বেনাপোল সীমান্ত দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে বিভিন্ন ভারতীয় পণ্য কাভার্ড ভ্যানে করে দেশে নিয়ে আসতেন। পরে এসব পণ্য দেশের বিভিন্ন স্থানে চড়া দামে বিক্রি করতেন বলে অভিযোগ রয়েছে।
এসআরবি-১০ জানায়, উদ্ধার করা পণ্য ও কাভার্ড ভ্যানসহ গ্রেফতার দুজনকে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংস্থাটি।
Posted ৯:০০ এএম | বুধবার, ১১ নভেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।