জেলা প্রতিনিধি | বুধবার, ১১ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 2 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় চলন্ত মহানগর এক্সপ্রেস ট্রেনের একটি বগির দরজা খুলে নিচে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে দুই যাত্রী সামান্য আহত হয়েছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা পৌনে ৪টার দিকে উপজেলার সালদানদী ও মন্দবাগ রেলওয়ে স্টেশনের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে দরজাবিহীন অবস্থায়ই ঢাকার উদ্দেশে যাত্রা অব্যাহত রাখে ট্রেনটি। তবে খুলে পড়া দরজার আঘাতে রেললাইনের নিচে কেউ হতাহত হয়েছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। পরে রেলওয়ে কর্তৃপক্ষ দরজাটি উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শী ও ট্রেনের একাধিক স্টুয়ার্ড সূত্রে জানা গেছে, ঢাকামুখী মহানগর এক্সপ্রেস ট্রেনটি সালদানদী স্টেশন পার হয়ে মন্দবাগ স্টেশনের কাছাকাছি পৌঁছালে ‘ড’ বগির একটি দরজা হঠাৎ খুলে নিচে পড়ে যায়। এ সময় দরজার সামনে কয়েকজন যাত্রী দাঁড়িয়ে ছিলেন।
বেলা পৌনে ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে যাত্রাবিরতিকালে ওই বগির ২ নম্বর আসনের যাত্রী স্বপন মিয়া জানান, চলন্ত অবস্থায় হঠাৎ বিকট শব্দ শুনে তিনি দেখতে পান, বগির একটি দরজা খুলে পড়ে গেছে। তবে দরজার সামনে থাকা যাত্রীদের বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।
ট্রেনের পরিচালক (গার্ড) শমাস মো. লেলিন জানান, ট্রেনে অতিরিক্ত যাত্রীর চাপ ছিল। বিশেষ করে কুমিল্লা স্টেশন পার হওয়ার পর আসনবিহীন যাত্রীর সংখ্যা আরও বেড়ে যায়। সালদানদীর একটি লেভেল ক্রসিংয়ে একটি অটোরিকশা আটকে গেলে স্থানীয় লোকজন সেটি সরানোর চেষ্টা করছিলেন। এ সময় দরজায় ধাক্কা লাগলে সেটি খুলে নিচে পড়ে যায়। এতে দরজার সামনে থাকা দুই যাত্রীর পায়ে সামান্য আঘাত লাগে।
তিনি আরও জানান, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর পর তারা দরজাটি উদ্ধার করেন। দরজাটির তেমন কোনো ক্ষতি হয়নি। দুর্ঘটনাকবলিত বগিটির দরজা সাধারণত বন্ধ রাখা হয়। তবে অনেক সময় নিষেধ সত্ত্বেও যাত্রীরা দরজা সামান্য ফাঁক করে রাখেন।
Posted ৮:০৭ এএম | বুধবার, ১১ নভেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।