জাতীয় ডেস্ক | রবিবার, ২৯ মার্চ ২০২৬ | প্রিন্ট | 131 বার পঠিত

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মানুষ অনেক প্রত্যাশা নিয়ে দলের দিকে তাকিয়ে আছে। যারা নেতাকর্মী আছেন, আমাদের ধৈর্য ধরতে হবে। আইনশৃঙ্খলার মধ্যে থাকতে হবে। মানুষের পাশে দাঁড়াতে হবে। মানুষের সমস্যা, কষ্ট, অসুবিধা হয়– এ জিনিসগুলো করা যাবে না। একই সঙ্গে অনেক সমস্যা আছে দেশে, মানুষকে বুঝাতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে। আমরা মানুষের সমস্যার কারণ হতে চাই না। কিন্তু প্রত্যেক নেতাকর্মীকে এই বিষয়ে সচেতন থাকতে হবে।
গতকাল শনিবার সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে দল ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যান তারেক রহমান। সন্ধ্যায় তাঁর গাড়িবহর দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পৌঁছায়। এ সময় বিপুলসংখ্যক নেতাকর্মী স্লোগানে স্লোগানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। দলটির চেয়ারম্যান কার্যালয়ের সামনে পৌঁছানোর পর গাড়ির ভেতর থেকে হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছা জানান।
পরে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সন্ধ্যায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে নিজের চেম্বারে অফিস করেন।
তারেক রহমান বলেন, আমাকে সাংগঠনিক কাজে প্রতিদিন অফিসে আসতে হবে। কিন্তু প্রতিদিন যদি রাস্তা বন্ধ করে দেওয়া হয়, তাহলে দলের বদনাম হবে। মানুষের কষ্ট হবে। এভাবে প্রতিদিন রাস্তা বন্ধ করা যাবে না। আমাদের চেষ্টা করতে হবে যাতে সবকিছু স্বাভাবিক থাকে। অফিসে আমি আরও আসব, রাস্তা বন্ধ করা যাবে না। আর যাদি রাস্তা বন্ধ হয়, তাহলে আমার অফিসে আসা সম্ভব না। কিন্তু অফিসে আসলে নেতাকর্মীদের সঙ্গে দেখা-সাক্ষাৎ হবে, সাংগঠনিক কাজ করা সম্ভব হবে।
নয়াপল্টনে দুই ঘণ্টাব্যাপী বৈঠক করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনিসহ বিএনপির ৪৫ জন সংসদ সদস্য অংশ নেন।
বৈঠক সূত্র জানায়, বিএনপির সংসদ সদস্যদের মধ্যে যারা চৌকস ও সাবলীলভাবে বক্তব্য রাখতে পারবেন এবং সাবেক ছাত্রনেতা থেকে উঠে এসেছেন, তাদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠকে সংসদের রীতিনীতি সম্পর্কে ৪৫ জনকে কাউন্সেলিং করা হয়েছে। যাতে এসব সংসদ সদস্যরা সংসদে নানা বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। মির্জা ফখরুল ও সালাহউদ্দিন আহমেদ নানা বিষয়ে নার্সিং করেন।
নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীর ঢল
বিএনপির চেয়ারম্যান আসার খবরে আগে থেকেই নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনের সড়কে ভিড় করেন দলটির নেতাকর্মী। দুপুরের পর রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীসেখানে জড়ো হতে থাকেন। কেউ সড়কের দুই পাশে এবং সড়ক বিভাজকের ওপরে অবস্থান নেন। তাদের কারও কারও হাতে দেখা গেছে দলীয় ব্যানার-ফেস্টুন ও বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ প্রায় সব কটি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিল করতেও দেখা যায়।
তবে শুধু দলীয় নেতাকর্মী নন, সাধারণ জনগণও তারেক রহমানকে একনজর দেখতে ঘণ্টার পর ঘণ্টা নয়াপল্টন এলাকায় অবস্থান করেন। এদিকে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নয়াপল্টন, ফকিরাপুল, ভিআইপি রোড ও কাকরাইল এলাকায় কঠোর নিরাপত্তা জোরদার করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
ক্রীড়া কার্ড উদ্বোধন কাল
প্রধানমন্ত্রী আগামীকাল সোমবার ক্রীড়া কার্ড ও ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন। প্রথমে ৫০০ ক্রীড়াবিদকে ক্রীড়া ভাতা প্রদান করা হবে। গতকাল জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) এক সংবাদ সম্মেলনে এ কথা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, যারা জাতীয় ক্রীড়াবিদ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশকে জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করছেন, তাদের বেতন কাঠামোর আওতায় এনে ক্রীড়া ভাতা প্রদান করা হবে। তাদের সম্মানিত করতে ক্রীড়া কার্ড দেওয়া হবে। যারা বিভিন্ন পদক পেয়েছেন, তাদের বেতন কাঠামোর আওতায় এনে ক্রীড়া ভাতা দেওয়া হবে বলে জানান প্রতিমন্ত্রী।
মন্ত্রণালয়ের পরিকল্পনা সম্পর্কে তিনি জানান, ৪৯৫ উপজেলায় ক্রীড়া কর্মকর্তা নিয়োগ করা হবে। ঢাকার বিভিন্ন জায়গায় দখল হয়ে থাকা মাঠ উদ্ধারে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় পরিকল্পনা হাতে নিয়েছে।
Posted ৪:০০ পিএম | রবিবার, ২৯ মার্চ ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।