নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | 1 বার পঠিত

জাতীয় সংসদে কনসার্ট ও নৌকাবাইচ বন্ধ হয়ে যাওয়া নিয়ে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর দেওয়া বক্তব্যের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কওমি ছাত্র ঐক্য পরিষদ।
শুক্রবার রাত পৌনে ১২টার দিকে শহরের কান্দিপাড়া এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, ‘জুলাই শক্তির ঐক্য চাই, সংঘাত নয়। তবে ইসলাম ও আলেম-উলামাকে অন্যায়ভাবে দোষারোপের পুরোনো সংস্কৃতির সঙ্গে কোনো আপস নয়।’
বিক্ষোভকারীরা হাসনাত আব্দুল্লাহ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। একই সঙ্গে বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহকে ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান তারা।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, হাসনাত আব্দুল্লাহ তার বক্তব্যের জন্য ক্ষমা না চাইলে ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির কোনো কর্মসূচি হতে দেওয়া হবে না। এর অংশ হিসেবে শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা একাডেমিতে পূর্বনির্ধারিত এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা প্রতিহত করার ঘোষণাও দেন তারা।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর বক্তব্যের প্রতিবাদে মধ্যরাতে মাদরাসা শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ছিল। তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৌকাবাইচ বন্ধ হয়ে যাওয়ার প্রসঙ্গ তুলে সরকারের সমালোচনা করেন হাসনাত আব্দুল্লাহ। তিনি এসব আয়োজন বন্ধ হয়ে যাওয়ার বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে না পারায় সরকারের ব্যর্থতার অভিযোগ করেন।
ব্রাহ্মণবাড়িয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, জেলায় কনসার্ট ও নৌকাবাইচ বন্ধ করে দেওয়া হয়েছে।
Posted ৬:৫৯ এএম | শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।