শুক্রবার ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

জাতীয় ডেস্ক   |   বুধবার, ০১ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   6 বার পঠিত

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বানের বিষয়ে সংসদের বৈঠকে মুলতবি প্রস্তাবে আলোচনা হলেও কোনও প্রতিকার না পাওয়ার অভিযোগ এনে সংসদ থেকে ওয়াকআউট করেছে সংসদের বিরোধী দল জামায়াত ও জোটসঙ্গী এনসিপি। বুধবার বিকেলে সংসদের বৈঠক থেকে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে জোটের সংসদ সদস্যরা বেরিয়ে যান।

এসময় সংসদের বৈঠকে সভাপতিত্বে থাকা স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাদের ওয়াকআউট থেকে বিরত থাকার আহবান জানালেও তাতে বিরোধী দলের সদস্যরা কর্ণপাত করেননি।

বিরোধী দলীয় নেতা দাবি করেন, তাদের প্রস্তাবটি চাপা দিতে একজন স্বতন্ত্র সদস্য দিয়ে আরেকটি প্রস্তাব আনা হয়েছে।

গত মঙ্গলবার সংসদের বৈঠকে সংবিধান সংস্কারে ‘সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান প্রশ্নে একটি মুলতবি প্রস্তাব নিয়ে আলোচনা হয়। সেখানে সরকারি দল সংবিধান সংশোধনে একটি সর্বদলীয় বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব দেয়। তবে এতে একমত হয়নি বিরোধী দল। তারা বলেছিল, সংবিধান সংস্কার পরিষদকে কেন্দ্র করে কোনো কমিটি হলে বিরোধী দল সেটা ভেবে দেখবে।

আজ বুধাবার সংসদে প্রশ্নোত্তর পর্ব শেষে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দিতে দাঁড়ান বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। আগেরদিন সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান প্রশ্নে মুলতবি প্রস্তাবের কথা তুলে ধরে স্পিকারের উদ্দেশে তিনি বলেন, যেহেতু এটা জনআকাঙ্ক্ষার বিষয়, গণভোটের বিষয়, প্রায় ৭০ ভাগ মানুষের রায়ের বিষয়, তাই তাঁরা প্রত্যাশা করেছিলেন স্পিকারের মাধ্যমে প্রতিকার পাবেন। তিনি স্পিকারকে সিদ্ধান্ত দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু কোনো সিদ্ধান্ত হলো কি না, তা তিনি বুঝতে পারেননি। এ বিষয়টি তিনি স্পস্টভাবে জানতে চান।

জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, প্রস্তাবটি ছিল একটি মূলতবি প্রস্তাব। দেশের ৫৩ বছরের সংসদীয় ইতিহাসে মাত্র তিনটি মুলতবি প্রস্তাব গৃহীত হয়েছিল। প্রাণবন্ত আলোচনার জন্যে ডেপুটি স্পিকারের সভাপতিত্বে বিরোধী দলের মূলতবি প্রস্তাবটি গ্রহণ করা হয়েছিল।

স্পিকার বলেন, যে সমস্যার সমাধান আইন প্রণয়নের মাধ্যমেই কেবল করা যায় সেটি নিয়ে মূলতবি প্রস্তাব হতে পারে না। তারপরেও উদারভাবে কথা বলতে চাইলে সেটা বিবেচনা করা হবে। এ বিষয়ে বিরোধী দলের আরও বক্তব্য থাকলে সে সুযোগ দেওয়া হবে।

জবাবে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বলেন, তাঁরা প্রতিকার চেয়েছেন। বিষয়টা কোনও দলের সঙ্গে সম্পর্কিত নয়। বিষয়টি নিয়ে নির্বাচনের আগে সরকারি দল বিরোধী দল সবাই একমত হয়েছে, স্বপক্ষে কথাও বলেছে, ক্যাম্পেইন করেছে।

বিরোধী দলীয় নেতা বলেন, আমরা প্রতিকার যে পেলাম না এটা আমরা না, এটা দেশবাসীর রায়ের প্রতিফলন হল না, মূল্যায়ন হল না। আমরা বিরোধী দলে বসে এই মূল্যায়ন মেনে নিতে পারি না। এজন্য তার প্রতিবাদে আমরা ওয়াকআউট করছি।’

তখন বিরোধী দলীয় নেতার উদ্দেশে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘মাননীয় বিরোধী দলীয় নেতা, আপনি আমার বক্তব্য তো সম্পূর্ণ করতে দিলেন না। আমি আপনার পুরো বক্তব্য শুনেছি। ওয়াকআউট করা আপনাদের অধিকার। কিন্তু আমি বলতে চাই, আজকে একটু পরে আরেকটি মূলতবি প্রস্তাব বিবেচিত হবে। সেখানে আমার মনে হয় যে, আপনি আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এবং সেখানে মন খুলে আপনারা আরো কথা পারবেন।’

জবাবে বিরোধী দলীয় নেতা বলেন, ওই নোটিশটাও তাদের নজরে এসেছে। তিনি মনে করেন মূল নোটিশটা (বিরোধী দলের) চাপা দেওয়ার জন্য ওই নোটিশ সামনে আনা হয়েছে। এজন্য দুটির প্রতিবাদেই তাঁরা সংসদ থেকে আপাতত ওয়াকআউট করছেন।

তখন স্পিকার বলেন, ‘নোটিশই তো উত্থাপন হয়নি। আপনি কী করে বুঝলেন কোনটা চাপা দেওয়ার জন্য এটা করা হচ্ছে? আমি অনুরোধ করছি, একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। নোটিশের বিষয়বস্তু শুনুন।’

জবাবে বিরোধী দলীয় নেতা বলেন, এর আগে স্পিকারের অনুপস্থিতিতে নোটিশটি সংশ্লিষ্ট সদস্য পড়েছেন। তাঁরা সেটা শুনেছেন। বুঝে শুনেই তিনি বলছেন যে দুই কারণে তাঁরা ওয়াকআউট করছেন।

তখন স্পিকার বলেন, সংসদীয় রীতি অনুযায়ী আপনারা ওয়াকআউট করতে পারেন। এরপর বিরোধী দলের সংসদ সদস্যরা সংসদ কক্ষ থেকে বের হয়ে যান।

Facebook Comments Box

Posted ৯:৫৫ এএম | বুধবার, ০১ এপ্রিল ২০২৬

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

(287 বার পঠিত)
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।