খেলাধুলা ডেস্ক | মঙ্গলবার, ২৬ মে ২০২৬ | প্রিন্ট | 3 বার পঠিত

অবাক কাণ্ডই বটে! স্পেনের বিশ্বকাপ স্কোয়াডে রিয়াল মাদ্রিদের কেউ নেই। অথচ কোচ লুইস দে লা ফুয়েন্তের দলে ছড়াছড়ি বার্সেলোনার ফুটবলারের। চোটের কারণে মৌসুমের শেষ দিকে মাঠের বাইরে চলে গেলেও আছেন বার্সার বিস্ময়বালক লামিন ইয়ামাল। চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা আর্সেনালের মিডফিল্ডার মিকেল মেরিনোও দলে জায়গা পেয়েছেন।
নিজেদের ফুটবল ইতিহাসে এই প্রথম রিয়ালের কোনো ফুটবলার নেই স্পেনের বিশ্বকাপ স্কোয়াডে। রিয়াল থেকে স্পেন দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা ছিল দুজনের। এর মধ্যে ডিফেন্ডার ডিন হুইসেন বাজে ফর্মের কারণে বিশ্বকাপ দলে জায়গা পাননি। আর বর্ষীয়ান ডিফেন্ডার দানি কারভালহো চোটের কারণে বেশ কিছু দিন ধরেই মাঠের বাইরে। আর চলতি মৌসুমে দুর্দান্ত পারফর্ম করার পুরস্কার হিসেবে দুই ডিফেন্ডার বার্সার এরিক গার্সিয়া ও অ্যাথলেটিকো মাদ্রিদের মার্ক পুবিলকে ডেকেছেন কোচ লা ফুয়েন্তে। আর হুইসেনের সঙ্গে বাদ দিয়েছেন অ্যাথলেটিকোর রবিন লে নরমান্ডকে।
রিয়ালের কাউকে না ডাকা সম্পর্কে কোচ বলেন, ‘আমি স্পেন জাতীয় দলের কোচ। কোন ফুটবলার কোথা থেকে এসেছে কখনও আমি সেটা দেখি না। আমি কখনও কোন ক্লাব দ্বারা প্রভাবিত নই। আমরা প্রতিপক্ষের শক্তি এবং ম্যাচের সম্ভাব্য সব পরিস্থিতি বিবেচনা করেই ২৬ জন বেছে নিয়েছি। আমার মনে হয় দলের সব প্রয়োজনের দিকেই নজর রাখা হয়েছে। একমাত্র যে জিনিসটা আমি চাই, স্পেন জাতীয় দলের প্রতিনিধিত্ব করতে পেরে ফুটবলাররা যেন গর্ব বোধ করে।’
দল ঘোষণার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছিল দলের তিন প্রধান তারকা লামিনে ইয়ামাল, নিকো উইলিয়ামস ও মিকেল মেরিনোর ফিটনেস নিয়ে। তবে তাদের ফিটনসে নিয়ে লা ফুয়েন্তে মোটেও চিন্তিত নন। আগামী ১৫ জুন আটালান্টায় নিজেদের প্রথম ম্যাচের আগেই তারা পুরোপুরি ফিট হয়ে উঠবেন বলে শতভাগ আত্মবিশ্বাসী কোচ, ‘আমি খুবই শান্ত আছি। নতুন করে কোনো কিছু না হলে প্রথম ম্যাচ থেকেই সবাইকে পাব। আমাদের চিকিৎসক ও ফিটনেস কোচ প্রতিটি ক্লাবে গিয়ে কথা বলেছেন। প্রথম ম্যাচ থেকেই সবাই তৈরি থাকবে, কোনো কারণে তা না হলে দ্বিতীয় ম্যাচ থেকে অবশ্যই সবাই খেলবে।’
তিনজনকে নিয়েই সুখবর আছে। গত জানুয়ারি থেকে পায়ের চোটের কারণে বাইরে থাকা মেরিনো গত রোববার ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে আর্সেনালের শেষ ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন। আর ২০২৪ ইউরো জয়ে মূল ভূমিকা রাখা লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামসের ফিটনেটও বেশ উন্নতির দিকে। এর মধ্যে স্পেন দলের একটি সূত্রের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, গত এপ্রিলের শেষ দিকে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া ১৮ বছর বয়সী ইয়ামালকে প্রথম ম্যাচে নাও পাওয়া যেতে পারে। হাঁটুর চোটের কারণে মার্চ পর্যন্ত মাঠের বাইরে ছিলেন বার্সা মিডফিল্ডার গাভি। তিনি অবশ্য মৌসুমের শেষ দিকে ফিরে বার্সার লা লিগা শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
রিয়াল মাদ্রিদের পেদ্রো গঞ্জালেজ গার্সিয়া, বার্সার মার্ক বের্নালসহ ৯ জন ফুটবলারকে ‘সহায়ক খেলোয়াড়’ (সাপোর্ট প্লেয়ার) হিসেবে দলে রেখেছেন কোচ। বিশ্বকাপের আগে মূল দলের সঙ্গে অনুশীলন করবেন তারা। পা ভেঙে যাওয়ায় দল থেকে ছিটকে গেছেন বার্সার তরুণ ফরোয়ার্ড ফেরমিন লোপেজ। বিশ্বকাপের মূল লড়াইয়ে নামার আগে ৪ জুন ঘরের মাঠে ইরাকের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে স্পেন। এরপর ৮ জুন মেক্সিকোতে পেরুর বিপক্ষে আরেকটি ম্যাচ খেলবে। ১৫ জুন কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে স্পেন।
স্পেন বিশ্বকাপ স্কোয়াড: গোলকিপার: উনাই সিমোন, ডেভিড রায়া, হুয়ার্ন গার্সিয়া। ডিফেন্ডার: মার্কোস লরেন্তে, মার্ক পুবিল, পেদ্রো পারো, আয়মারিক লাপোর্তে, এরিক গার্সিয়া, পাউ কুবার্সি, মার্ক কুকুরেলা, আলেজান্দ্রো গ্রিমাল্ডো। মিডফিল্ডার: রদ্রি, মার্টিন জুবিমেন্দি, মিকেল মেরিনো, পেদ্রি, গাভি, ফ্যাবিয়ান রুইজ, অ্যালেক্স বায়েনা। ফরোয়ার্ড: ইয়েরেমি পিনো, ভিক্টর মুনোজ, মিকেল ওরিজাবাগাল, ফেরান তোরেস, লামিন ইয়ামাল, দানি ওলমো, নিকো উইলিয়ামস ও বোর্হা ইগলেসিয়াস।
Posted ১১:১৯ এএম | মঙ্গলবার, ২৬ মে ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Reporter
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।