বিশ্ব ডেস্ক | বুধবার, ২৫ মার্চ ২০২৬ | প্রিন্ট | 7 বার পঠিত

যুদ্ধ বন্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের সমঝোতা আলোচনার দাবি প্রত্যাখ্যান করেছে ইরান। দুই দেশের মধ্যে ‘খুব ভালো’ আলোচনা হয়েছে– মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন দাবির পর ইরান এটাকে ‘ভুয়া খবর’ বলে উড়িয়ে দিয়েছে। তবে ইরান সরকারের এক কর্মকর্তা জানিয়েছেন, যুদ্ধ বন্ধে কয়েকটি মিত্র দেশ তাদের সঙ্গে দূতিয়ালি চালিয়ে যাচ্ছে। এ পরিস্থিতির মধ্যে পাল্টাপাল্টি হামলা আরও জোরালো হয়েছে। ইসরায়েলের তেল আবিবে হতাহতের খবর পাওয়া গেছে। হামলা হয়েছে অন্য শহরগুলোতেও। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছে ইরান। তেহরানসহ ইরানেরও বিভিন্ন শহরে ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল।
এরই মধ্যে ট্রাম্প ইরানের বিদ্যুৎ স্থাপনায় হামলা চালানো পাঁচ দিনের জন্য স্থগিত করার কথা জানিয়েছেন। ইরান বলেছে, হামলা হলে তারা উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্রদের বিদ্যুৎ ও পানি লবণমুক্তকরণ প্রকল্পে হামলা চালাবে। পাল্টাপাল্টি হামলার তীব্রতার মধ্যে যুদ্ধ এগিয়ে যাচ্ছে অনির্দিষ্ট গন্তব্যের দিকে। এ অবস্থায় হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বৈশ্বিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব অব্যহত আছে। যুদ্ধে জড়ানোর জন্য যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে ট্রাম্পের বিরুদ্ধে মনোভাব প্রকট হচ্ছে। বিশ্লেষকরা এটাকে ‘অপরিকল্পিত’ যুদ্ধ বলে বর্ণনা করছেন। ইরানের মিত্র রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ অবিলম্বে সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন।
গতকাল মঙ্গলবার ছিল যুদ্ধের ২৫তম দিন। ওমানের মধ্যস্থতায় আলোচনা চলাকালে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় শুরু হওয়া যুদ্ধে নতুন মধ্যস্থতাকারী হিসেবে নাম আসছে পাকিস্তানের। গতকাল মঙ্গলবার দ্য গার্ডিয়ান লিখেছে, দেশটির রাজধানী ইসলামাবাদে ওই আলোচনায় যুক্তরাষ্ট্রের পক্ষে অংশ নিতে পারেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ভ্যান্সের ফোনালাপের প্রেক্ষাপটে নতুন এ অগ্রগতির বিষয়টি সামনে এলো। এরই মধ্যে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ইসলামাবাদ সফরের প্রস্তুতি নিচ্ছেন।
তিন সপ্তাহ ধরে ইরানের মানুষ ধীরে ধীরে নতুন পরিস্থিতির সঙ্গে নিজেদের জীবনকে মানিয়ে নিচ্ছে। ইরানের ৩১টি প্রদেশের মধ্যে প্রায় ২৮টিতেই ইসরায়েল ও যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে। যুদ্ধ ইরানিদের দৈনন্দিন জীবনকে বিপর্যস্ত করে তুলছে।
তুরস্কের রিসেপ তায়েপ এরদোয়ান বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধে শান্তি প্রতিষ্ঠায় তুরস্ক তার সর্বশক্তি দিয়ে কাজ করে যাবে। দেশটির জ্বালানিমন্ত্রী আলপারসলান বায়রাক্তার মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের বলেন, ইরান থেকে প্রাকৃতিক গ্যাস সরবরাহে কোনো সমস্যা নেই।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, অনেক দেশ যুক্তরাষ্ট্র ও তার মিত্র ইসরায়েলকে তাদের হামলার জন্য নিন্দা ও ঘৃণা জানাচ্ছে। তিনি বলেন, বিশ্বের স্বাধীন মানুষের হৃদয় জায়নবাদীদের সঙ্গে নেই।
ইরান জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের প্রভাব নিয়ে আলোচনা করেছেন। মালয়েশিয়া যুদ্ধের উত্তেজনা হ্রাস ও আঞ্চলিক স্থিতিশীলতার আহ্বান জানিয়েছে।
অন্যদিকে, মধ্যপ্রাচ্যে হাজার হাজার অতিরিক্ত সৈন্য পাঠানোর প্রত্যাশা করছে যুক্তরাষ্ট্র। পেন্টাগন তাদের অভিজাত ৮২তম এয়ারবোর্ন ডিভিশন থেকে হাজার হাজার সৈন্য মধ্যপ্রাচ্যে পাঠাবে বলে দুই ব্যক্তি রয়টার্সকে জানিয়েছেন।
ঐকমত্যের দাবিকে ‘মিথ্যা’ বলছে তেহরান
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা ও ঐকমত্য হওয়ার কথা অস্বীকার করেছে ইরান। আলজাজিরা জানিয়েছে, এমন খবরকে ‘মিথ্যা কথা’ বলে উড়িয়ে দিয়েছে দেশটি। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ এ মন্তব্য করেন।
প্রেসিডেন্ট ট্রাম্প গত সোমবার দাবি করেন, ইরানের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের কথা হয়েছে। ইরানই প্রথমে আলোচনার জন্য যোগাযোগ করেছিল। এ বিষয়ে ট্রাম্প তাঁর মালিকানার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল ও সাংবাদিকদের কাছেও একই দাবি করেন। ফ্লোরিডার এক বিমানবন্দরে ট্রাম্প সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বেশ জোরালো আলোচনা হয়েছে। দুপক্ষ ‘প্রধান প্রধান বিষয়ে একমত’ হতে পেরেছে। ট্রাম্প বলেন, ‘দেখা যাক, এগুলো (জোরালো আলোচনা) কোন দিকে নিয়ে যায়। আমি বলব, আমাদের মধ্যে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্যের ক্ষেত্র তৈরি হয়েছে। এমনকি প্রায় সব বিষয়ে আমরা একমত হতে পেরেছি।’ তিনি বলেন, ‘তারা (ইরান) একটি চুক্তি করতে খুব আগ্রহী। আমরাও একটি চুক্তি করতে চাই।’ ট্রাম্পের দাবি, তাঁর মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনার এ আলোচনা চালাচ্ছেন। ইরান চুক্তিতে রাজি না হলে দেশটিতে বোমাবর্ষণ চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন ট্রাম্প।
মধ্যস্থতায় এগিয়ে আসছে পাকিস্তান
ইরান যুদ্ধ অবসানে সম্ভাব্য মধ্যস্থতাকারী হিসেবে নাম উঠে আসছে পাকিস্তানের। ফাইন্যান্সিয়াল টাইমস ও অ্যাক্সিওস জানিয়েছে, এ প্রচেষ্টার অংশ হিসেবে পাকিস্তান যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চপদস্থ কর্মকর্তাদের বৈঠকের স্থান হিসেবে ইসলামাবাদকে প্রস্তাব করেছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, এখনও বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। তবে পাকিস্তানের নাম আসায় আশ্চর্য হওয়ার কিছু দেখছেন না অনেকেই। ইরানের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিতীয় মেয়াদে আসার পর তাঁর প্রশাসনের সঙ্গেও দেশটির উষ্ণ সম্পর্ক রয়েছে।
নতুন জাতীয় নিরাপত্তা প্রধানের নাম জানাল ইরান
বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, গতকাল মঙ্গলবার ইরান তাদের নতুন নিরাপত্তা প্রধানের নাম ঘোষণা করা হয়েছে। মোহাম্মদ বাকের জোলকাদর ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সাবেক সচিব আলি লারিজানির স্থলাভিষিক্ত হবেন। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের এক হামলায় লারিজানি নিহত হন।
ইসরায়েলে ক্ষেপণাস্ত্র দিয়ে দফায় দফায় হামলা ইরানের
ইরান ১০ ঘণ্টারও কম সময়ের মধ্যে ইসরায়েলে সাত দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সিএনএন জানায়, গত সোমবার মধ্যরাত থেকে এ হামলা শুরু করে তেহরান। ইসরায়েল বলছে, সাত দফার মধ্যে সর্বশেষ দফায় ডিমোনা শহরে হামলা চালায় তেহরান। ডিমোনায় ইসরায়েলের স্পর্শকাতর পারমাণবিক স্থাপনা রয়েছে। হামলা হয়েছে তেল আবিবেও। ভিডিও ফুটেজে ক্ষতিগ্রস্ত ভবন, আগুন ও কালো ধোঁয়া দেখা গেছে। পূর্ব জেরুজালেমেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
ইসরায়েলের গণমাধ্যম হারেৎজ লিখেছে, তেল আবিবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ছয়জন আহত হয়েছেন। গতকাল ক্ষেপণাস্ত্রের আঘাতে ওই শহরের বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। জরুরি সেবা সংস্থাগুলো বলছে, ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে– এমন একটি স্থানে চারজন আহত হয়েছেন। তেল আবিবে একটি ভবন ও এর সংলগ্ন রাস্তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়। রয়টার্সে প্রকাশিত ছবিতে তেল আবিবে ক্ষতিগ্রস্ত ভবনের চিত্র উঠে এসেছে।
গতকাল জেরুজালেম শহরে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বার্তা সংস্থা এএফপি জানায়, ইসরায়েলের সেনাবাহিনী ইরান থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি শনাক্তের কয়েক মিনিটের মাথায় তাদের সংবাদকর্মীরা বিকট শব্দ শুনতে পান।
ইসরায়েলে আহত ৪ হাজার ৮২৯ জন
ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে গতকাল আলজাজিরা জানিয়েছে, যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত ইসরায়েলে ৪ হাজার ৮২৯ জন আহতকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে ১১১ জন এখন হাসপাতালে ভর্তি আছেন। ১২ জনের অবস্থা গুরুতর।
ইরানে ৯ হাজারের বেশি হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, দাবি মার্কিন বাহিনীর
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর শুরু হওয়া যুদ্ধে এ পর্যন্ত ইরানের ৯ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এ সময়ে ইরানের অন্তত ১৪০টি নৌযান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। সেন্টকম জানিয়েছে, ইরানে তাদের হামলা অব্যাহত আছে।
ইরানে ব্যাপক ক্ষয়ক্ষতি
ইরানে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র। গত সোমবার রাতে ইসরায়েলের বিমান বাহিনী ৫০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালায়। আইডিএফ বলছে, তারা এ পর্যন্ত ইরানে তিন হাজারের বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। ইরানের লোরেস্তান প্রদেশের ডেপুটি গভর্নরের উদ্ধৃতি দিয়ে আলজাজিরা জানায়, সেখানে এ পর্যন্ত ১৫৭ জন নিহত ও ২ হাজার ৬৬৭ জন আহত হয়েছেন।
ইরানে মার্কিন পদক্ষেপ ‘পরিকল্পনাহীন’, বলছেন ট্রাম্পের সাবেক উপদেষ্টা
ইরানে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক অভিযানকে ‘পরিকল্পনাহীন’ ও ‘এলোমেলো’ বলে বর্ণনা করেছেন সাবেক মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে এক বছরের কিছু বেশি সময় এ পদে দায়িত্ব পালন করা বোল্টন ইরানে হামলাকে ‘সুচিন্তিত নয়’ বলেও মন্তব্য করেন। তেহরানের সরকারকে বদলানোর দীর্ঘদিনের সমর্থক বোল্টন বিবিসির নিউজনাইট অনুষ্ঠানে বলেন, ‘ট্রাম্প যেভাবে এগোচ্ছেন, সেই পরিকল্পনাহীন পন্থার বদলে সঠিক উপায়ে এটি করা ভালো হতো। এ জন্য মার্কিন জনগণ প্রস্তুত ছিল না, কংগ্রেসও প্রস্তুত ছিল না, এমনকি মিত্র দেশগুলোও প্রস্তুত ছিল না।’
ফেরত গেল বৃহত্তম মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড
মধ্যপ্রাচ্যে যুদ্ধকালীন অভিযানে অংশ নেওয়া বিশ্বের বৃহত্তম মার্কিন বিমানবাহী রণতরী ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’ গত সোমবার গ্রিসের ক্রিট দ্বীপের একটি নৌঘাঁটিতে ফিরেছে। রণতরীটি গত ফেব্রুয়ারি মাসে সৌদা বে থেকে খাবার, জ্বালানি ও গোলাবারুদ সংগ্রহ করেছিল। তবে ১২ মার্চ জাহাজটির একটি লন্ড্রি রুমে অগ্নিকাণ্ডে ক্রু দলের দুই সদস্য আহত হন। এর আগে রণতরী আব্রাহাম লিংকনকেও সরিয়ে নেয় যুক্তরাষ্ট্র। ইরানের দাবি, তাদের হামলায় জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছিল।
আরব আমিরাত ও সৌদিতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা
নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের সক্ষমতা ব্যবহারের ঘোষণা দিয়েছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর ‘খাতাম আল আম্বিয়া’ কেন্দ্রীয় সদরদপ্তরের মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি এ কথা জানান। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে জোলফাগারি বলেন, ‘ইরান বুদ্ধিমত্তা ও শক্তির মাধ্যমে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করছে।’ এ অঞ্চলে বহিরাগত কোনো দেশের হস্তক্ষেপের অধিকার নেই বলেও তিনি হুঁশিয়ারি দেন।
ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফারস নিউজের বরাতে তিনি জানান, ইরাকের এরবিলে ‘ব্যাপক হামলা’ চালিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। এ ছাড়া ইরান সংযুক্ত আরব আমিরাতের আল-ধফরা বিমানঘাঁটি ও সৌদি আরবের প্রিন্স সুলতান ঘাঁটিতে মার্কিন সেনাদের পাশাপাশি যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরকেও (ফিফথ ফ্লিট) লক্ষ্যবস্তু করেছে। ইসরায়েলের তেল আবিব, হাইফা, আশকেলন শহর ও গুশ দান এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার দাবিও করেছেন এ মুখপাত্র।
ট্রাম্পের আচরণকে ‘প্রতারণামূলক’ আখ্যা দিয়ে আইআরজিসি জানায়, এসব করে ইরানকে যুদ্ধক্ষেত্র থেকে বিচ্যুত করা যাবে না। শত্রুপক্ষের ‘মনস্তাত্ত্বিক যুদ্ধ’ এখন ইরানের কাছে পরিষ্কার হয়ে গেছে। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পিছু হটতে বাধ্য হবে।
ইরানবিষয়ক আলোচনা নিয়ে ভ্যান্স ও নেতানিয়াহুর ফোনালাপ
তেহরানের সঙ্গে ওয়াশিংটনের আলোচনার বিষয়ে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফোনে কথা বলেছেন। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানায়, তারা ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধের লক্ষ্যে একটি সম্ভাব্য চুক্তির শর্ত নিয়ে কথা বলেন।
অবিলম্বে সংঘাত বন্ধের আহ্বান রুশ পররাষ্ট্রমন্ত্রীর
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ মধ্যপ্রাচ্যে অবিলম্বে সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন। আলজাজিরা জানায়, গত সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে ফোনালাপে তিনি এ আহ্বান জানান। পরে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, লাভরভ ‘অবিলম্বে সংঘাত বন্ধ এবং একটি রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের দিকে অগ্রসর হওয়ার জরুরি প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।’ তিনি ইরানের পারমাণবিক অবকাঠামো লক্ষ্য করে হামলাকে ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেন।
প্রতি ব্যারেল তেলের দাম আবারও ১০০ ডলার ছাড়াল
যুদ্ধের জেরে তেলের বাজারে অস্থিতিশীলতা লেগেই আছে। বিবিসি লিখেছে, গত সোমবার তেলের দাম কিছুটা কমার পর গতকাল মঙ্গলবার তা আবারও ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়েছে। ইরানের বিদ্যুৎ স্থাপনায় হামলা স্থগিতের ঘোষণার পর তেলের দাম কমতে শুরু করেছিল। তেহরান বলছে, ট্রাম্প বাজারকে প্রভাবিত করতে এসব বক্তব্য দেন। আলজাজিরা জানিয়েছে, এক মাসেরও কম সময়ে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম প্রায় ৭৫ শতাংশ বেড়ে যাওয়ার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি দায়ী করেছেন মার্কিন সিনেটের সংখ্যালঘু নেতা চাক শুমার। সামাজিক মাধ্যম এক্সে তিনি বলেন, ‘এক মাস আগেও দেশটিতে প্রতি গ্যালন গ্যাসোলিনের গড় দাম ছিল ২ দশমিক ৯৩ ডলার। তা বেড়ে এখন ৩ দশমিক ৯৪ ডলার হয়েছে। এ পরিস্থিতির জন্য কেবল একজন মানুষই দায়ী, আর তিনি হলেন ডোনাল্ড ট্রাম্প।’
ইরাকে ‘যুক্তরাষ্ট্রে’ বিমান হামলায় নিহত ১৫
ইরাকের আনবার প্রদেশে শিয়া পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের (পিএমএফ) একটি অবস্থান লক্ষ্য করে চালানো বিমান হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে পিএমএফের আনবার অঞ্চলের অপারেশনস কমান্ডারও রয়েছেন। রয়টার্স জানায়, এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। পিএমএফ তাদের আনবার কমান্ডার সাদ আল-বাইজি এবং আরও ১৪ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে। এ হামলার জন্য তারা যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে। সংগঠনটি বলছে, যখন সদস্যরা দায়িত্ব পালন করছিলেন, তখন তাদের একটি কমান্ড সদরদপ্তরকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র বিমান হামলা চালায়।
লেবাননে অব্যাহতভাবে হামলা চালাচ্ছে ইসরায়েল
লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলিতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ জানিয়েছে, প্রাথমিক হামলার পরও ইসরায়েলের বিমানগুলো শহরের আকাশে অবস্থান করছে এবং বেশ নিচ দিয়ে চক্কর দিচ্ছিল। আলজাজিরা আরবির সংবাদদাতা জানান, হামলার আগে ইসরায়েলের বাহিনী দক্ষিণ শহরতলির আটটি এলাকার বাসিন্দাদের এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য হুঁশিয়ারি দিয়েছিল। মূলত ওই এলাকাগুলো খালি করার হুমকি দেওয়ার পরপরই এই বিমান হামলা শুরু হয়।
জ্বালানি নিরাপত্তা নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের আলোচনা
জ্বালানি নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে ‘বিস্তারিত’ ফোনালাপ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জয়শঙ্কর জানান, তাদের আলোচনায় মূলত পশ্চিম এশিয়া (মধ্যপ্রাচ্য) সংঘাত এবং বিশ্ব অর্থনীতিতে এর প্রভাবের বিষয়টি গুরুত্ব পেয়েছে। ফোনালাপে তারা বিশেষ করে জ্বালানি নিরাপত্তা-সংক্রান্ত নানা উদ্বেগ নিয়ে কথা বলেন।
Posted ২:৪৮ পিএম | বুধবার, ২৫ মার্চ ২০২৬
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।