খেলাধুলা ডেস্ক | রবিবার, ২৯ মার্চ ২০২৬ | প্রিন্ট | 11 বার পঠিত

আইপিএলের দামামা শুরু হয়ে গেছে গতকালই। উদ্বোধনী ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে ৬ উইকেটে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আজ ওয়াংখেড়েতে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে মুম্বাই ইন্ডিয়ান্স। এই মাঠে মুম্বাইয়ের বিপক্ষে অতীত রেকর্ড ভালো না কলকাতার। এখানে মুম্বাইয়ের বিপক্ষে ১২টি ম্যাচ খেলে ১০টিতেই হেরেছে নাইটরা।
এই পরিসংখ্যান নিয়ে নাইট অধিনায়ক আজিঙ্কা রাহানের কপালে চিন্তার ভাঁজ থাকলেও, খুব একটা স্বস্তিতে নেই মুম্বাইও। আইপিএলের ইতিহাসে মুম্বাই বরাবরই ‘স্লো স্টার্টার’। পরিসংখ্যান বলছে, টুর্নামেন্টের শুরুটা কখনোই খুব একটা ভালো করতে পারে না তারা। তবে এবার হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন দলটি সেই পরিসংখ্যান বদলাতে মরিয়া। অন্যদিকে কেকেআরের কাছে এটি নিছক কোনো ম্যাচ নয়। বরং শাহরুখ খানের দলের জন্য এটি বড় এক সম্মানের লড়াইও।
এমন হাইভোল্টেজ ম্যাচের আগে রাহানের সবচেয়ে বড় মাথাব্যথার কারণ পেস বোলিং। চোট সমস্যার কারণে পুরো পরিকল্পনা বদলাতে হচ্ছে নাইট ম্যানেজমেন্টকে। পেসার বৈভব অরোরা খেলছেন, সেটা অনেকটাই নিশ্চিত। কিন্তু তার সঙ্গে পেস আক্রমণে কে থাকবেন, তা ঠিক করতে হিমশিম খাচ্ছে কেকেআর। জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানিকে খেলাতে হলে একজন পেস বোলিং অলরাউন্ডারকে বাদ দিতে হবে। এতে রভম্যান পাওয়েলকে ডাগআউটে বসতে হতে পারে। একাদশের এই একটি জায়গা নিয়েই চলছে বিস্তর আলোচনা।
দলের বাকি লাইনআপ মোটামুটি চূড়ান্তই করে ফেলেছে কেকেআর। রাহানের সঙ্গে ইনিংস উদ্বোধন করবেন ফিন অ্যালেন। তিন নম্বরে থাকবেন অঙ্গকৃশ রঘুবংশী এবং চারে খেলবেন ক্যামেরন গ্রিন। এবারের নিলামে এই অস্ট্রেলিয়ান অলরাউন্ডারকে বিশাল অঙ্কের বিনিময়ে দলে ভিড়িয়েছে কেকেআর। অনেকের ধারণা, এত দামী খেলোয়াড় হওয়ায় পুরো টুর্নামেন্টেই গ্রিনকে চাপ বইতে হবে।
তবে কেকেআর কোচ শেন ওয়াটসন তা মনে করেন না। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এর আগে আমি অনেক ক্রিকেটারকে দেখেছি, যারা এই চাপ নিতে পারেননি। প্রাইস ট্যাগের চাপ তাদের পারফরম্যান্সে প্রভাব ফেলেছে। তবে গ্রিনের ক্ষেত্রে এমনটি হবে বলে আমার মনে হয় না। এর আগে মুম্বাইও বিশাল অর্থে তাকে নিয়েছিল, তখন সে চাপে পড়েনি।’
এদিকে দলের কম্বিনেশন মেলাতে এ ম্যাচে উইকেটরক্ষকের গ্লাভস হাতে দেখা যাবে রঘুবংশীকে। যা আগে থেকেই ঠিক করে রেখেছিল কেকেআর, যে কারণে অনুশীলনেও তার কিপিংয়ের ওপর আলাদা জোর দেওয়া হয়েছিল।
প্রথম ম্যাচে মাঠে নামার আগে মুম্বাই শিবিরে সবচেয়ে বড় স্বস্তির নাম জাসপ্রিত বুমরাহ। টুর্নামেন্ট শুরুর ঠিক আগে চোট শঙ্কায় বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে (এনসিএ) গিয়েছিলেন এই তারকা পেসার। শুরু থেকে তার খেলা নিয়ে সংশয় তৈরি হলেও শনিবারই মুম্বাই দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। তারকা এই পেসারের ফেরায় মুম্বাইয়ের বোলিং শক্তি বহুগুণ বেড়ে গেল। অন্যদিকে, মুম্বাইয়ের শক্তিশালী ব্যাটিং লাইনআপকে কীভাবে আটকানো যায়, তা নিয়ে নিজেদের বোলারদের সঙ্গে আলাদা বৈঠক করেছে কেকেআর ম্যানেজমেন্ট।
Posted ৪:০৬ পিএম | রবিবার, ২৯ মার্চ ২০২৬
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।