খেলাধুলা ডেস্ক | রবিবার, ৩১ মে ২০২৬ | প্রিন্ট | 1 বার পঠিত

সাফ নারী চ্যাম্পিয়নশিপের ‘বি’ গ্রুপের হাই-ভোল্টেজ ম্যাচে স্বাগতিক ভারতের কাছে পাত্তাই পেল না বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে আজ লাল-সবুজের প্রতিনিধিদের ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে ব্লু টাইগ্রেসরা। এই হারে গ্রুপ রানার্সআপ হয়েই সেমিফাইনালে যেতে হচ্ছে পিটার বাটলারের শিষ্যদের। যেখানে ফাইনালের টিকিট কাটার লড়াইয়ে তাদের মুখোমুখি হতে হবে শক্তিশালী নেপালের। অন্যদিকে, গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ চারে পা রাখা ভারতের প্রতিপক্ষ ভুটান।
ম্যাচের শুরুতেই লিড নেওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিল বাংলাদেশ। তবে গোলপোস্টের একদম সামনে পাওয়া সেই সুযোগটি কাজে লাগাতে পারেননি বাংলাদেশের ফরোয়ার্ড আনিকা। শুরুর ধাক্কা সামলে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেয় স্বাগতিক ভারত। ১২ মিনিটে ম্যাচের প্রথম কর্নার আদায় করার পর ২৬ মিনিটে আরও একবার বাংলাদেশের রক্ষণভাগে কাঁপন ধরায় তারা। কর্নার থেকে আসা ক্রসে ভারতের পিয়ারি অরক্ষিত অবস্থায় হেড করলেও বল গোলপোস্টে রাখতে পারেননি।
তবে ২৬ মিনিটের সেই সহজ সুযোগ নষ্টের প্রায় ৯ মিনিট পর আর কোনো ভুল করেননি এই স্ট্রাইকার। ম্যাচের ৩৫ মিনিটে ডি-বক্সের ভেতর বল পেয়ে বাংলাদেশের জালে বল জড়িয়ে ভারতকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন পিয়ারি। যা ভারতের জার্সি গায়ে তার ২০তম আন্তর্জাতিক গোল। ১-০ ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।
১ গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। ৪৮ মিনিটে বাম প্রান্ত থেকে ভেসে আসা ক্রসে ডি-বক্সের ভেতরে থাকা বাংলাদেশের কোনো ফুটবলারই নাগাল পাননি। এরপর ৫৭ মিনিটে ঋতুপর্ণা চাকমা ভারতীয় ডিফেন্ডার পিয়ারিকে কাটিয়ে বক্সে ক্রস বাড়ালেও ফিনিশারের অভাবে তা থেকে সুবিধা নিতে পারেনি দল।
উল্টো ম্যাচের বাকিটা সময় বাংলাদেশের রক্ষণভাগের দুর্বলতার সুযোগ নিয়ে চড়াও হয় ভারত। ম্যাচের ৭৫ মিনিটের দিকে ডি-বক্সের ভেতরে ভারতীয় ফরোয়ার্ড মালাভিকাকে ফাউল করে বসেন বাংলাদেশের ডিফেন্ডার সুরমা জান্নাত। রেফারি পেনাল্টির বাঁশি বাজালে স্পট কিক থেকে কোনো ভুল করেননি ২১ বছর বয়সী লিন্ডা। ভারতকে ২-০ ব্যবধানে এগিয়ে নেওয়ার পাশাপাশি নিজের ষষ্ঠ আন্তর্জাতিক গোলটি উদযাপন করেন তিনি।
এর ঠিক কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন মালাভিকা। ডান প্রান্ত থেকে আসা পাস নিয়ন্ত্রণে নিয়ে নিখুঁত শটে বল জালে পাঠান তিনি। ফলে ৩-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।
এদিকে শ্রীলঙ্কাকে ২-০ গোলে হারিয়ে টানা দুই জয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে পা রেখেছে হিমালয়ের দেশ নেপাল। আর প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে গুঁড়িয়ে দিয়ে ‘এ’ গ্রুপের রানার্সআপ হিসেবে শেষ চারে জায়গা করে নিয়েছে ভুটান।
গ্রুপ চ্যাম্পিয়ন ভারত সেমিফাইনালে খেলবে ভুটানের বিপক্ষে। আর বাংলাদেশ গ্রুপ রানার্সআপ হওয়ায় ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল নেপালের। সাফের গত ৭ আসরের মধ্যে ৬ বারই ফাইনাল খেলা নেপাল এবারও শিরোপার অন্যতম প্রধান দাবিদার। তবে সাফের গত ২০২২ ও ২০২৪ সালের শেষ দুই আসরে এই নেপালকেই তাদেরই ঘরের মাঠে স্তব্ধ করে দিয়ে চ্যাম্পিয়ন হওয়ার মধুর স্মৃতি রয়েছে বাঘিনীদের!
Posted ৬:৫২ পিএম | রবিবার, ৩১ মে ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Reporter
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।